চেন্নাইকে হারিয়ে সেমিফাইনালে ত্রিনিদাদ
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির সেমিফাইনালে উত্তরণ নিশ্চিত করতে চেন্নাই সুপার কিংসকে হারাতেই হতো ত্রিনিদাদ ও টোবাগোকে। মহেন্দ্র সিং ধোনির দলকে সহজেই ৮ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে খেলা নিশ্চিত করেছে তারা।
ত্রিনিদাদ ও চেন্নাই দুই দলের সংগ্রহ ১২ পয়েন্ট করে। তবে নেট রান রেটে চেন্নাইয়ের (+০.২৭১) চেয়ে ত্রিনিদাদ (+০.৮১৬) এগিয়ে।
শুক্রবার জয়পুরে প্রথম সেমিফাইনালে চেন্নাইয়ের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। পরদিন দিল্লিতে দ্বিতীয় সেমিফাইনালে ত্রিনিদাদ খেলবে আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।
ত্রিনিদাদের জন্য সুখবর, সেমিফাইনালে খেলার তাদের অন্য শহরে ছুটতে হবে না। কারণ বুধবার চেন্নাইকে দিল্লির ফিরোজ শাহ কোটলাতেই তারা হারিয়েছে।
টস হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে ১১৮ রানে অলআউট হয়ে যায় চেন্নাই। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে এটাই তাদের সর্বনিম্ন রান।
আইপিএলের সবচেয়ে সফল দলের মাত্র তিন জন ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পেরেছেন – সুরেশ রায়না (২৯ বলে ৩৮), মুরালি বিজয় (২৪ বলে ২৭) ও অধিনায়ক ধোনি (২৫ বলে ২৫)।
মিডিয়াম পেসে ২১ রানে ৩ উইকেট নিয়ে রায়াড এমরিট ত্রিনিদাদের সবচেয়ে সফল বোলার। দুটি করে উইকেট রবি রামপল ও লেন্ডল সিমন্সের।
পরে ব্যাট হাতেও সফল সিমন্স। তার ৪১ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় গড়া ৬৩ রানের ঝড়ো ইনিংস ত্রিনিদাদকে ২৯ রান হাতে রেখে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে।
বিজয়ী দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান এভিন লুইসের। সিমন্স-লুইসের ৬১ বলে ৭৯ রানের উদ্বোধনী জুটি সহজ জয়ের পথে এগিয়ে দিয়েছে ত্রিনিদাদকে।
ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ঔজ্জ্বল্য ছড়িয়ে সিমন্স ম্যাচের সেরা খেলোয়াড়।
