২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের টানা তৃতীয় হার

প্রথম তিন ম্যাচ জিতে দুর্দান্তভাবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এখন দিগভ্রান্ত। গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের কাছে ১০৩ রানে হেরে যাওয়ায় টানা তৃতীয় হারের লজ্জায় পড়তে হয়েছে তাদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 07:42 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

৬ খেলায় ৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে মোহামেডান। সমান খেলায় ৮ পয়েন্ট নিয়ে গাজী ট্যাঙ্কের অবস্থান ষষ্ঠ।

বুধবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৮ রান করে গাজী ট্যাঙ্ক।

৪৩ রানে ৩ উইকেট হারিয়ে শুরুটা ভালো না হলেও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের (৬৮) সঙ্গে ম্যাচ সেরা রকিবুল হাসানের (৭৫) ৯৪ রানের জুটি গাজী ট্যাঙ্ককে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়।

মোহামেডানের পক্ষে শ্রীলঙ্কান অফস্পিনার অজন্তা মেন্ডিস ৫৭ রানে ৪ উইকেট নেন।

জবাবে ৩৮ ওভার ৪ বলে ১৪৫ রানে অলআউট হয়ে যায় মোহামেডান।

শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা (৫৬) ও ইজাজ আহমেদ (৪২) ছাড়া আর কেউ ভালো করেতে না পারায় লক্ষ্যের ধারে-কাছেও যেতে পারেনি মোহামেডান।

৩০ রানে ৩ উইকেট নিয়ে গাজী ট্যাঙ্কের সেরা বোলার ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত বাঁহাতি স্পিনার আশহার জায়দি।