দলে ফিরলেন যুবরাজ
ভারতের সীমিত ওভারের ম্যাচের দলে ডাক পেয়েছেন যুবরাজ সিং। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টির দলে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে।
গত জানুয়ারিতে ধর্মসালায় ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন যুবরাজ। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি ও জিম্বাবুয়ে সিরিজের দলে রাখা হয়নি তাকে।
ফ্রান্সে একটি ফিটনেস কর্মসূচি শেষে লিস্ট 'এ' ক্রিকেটে ফিরে ভালো পারফরমেন্স দেখিয়েছেন যুবরাজ। ওয়েস্ট ইন্ডিস 'এ' দলের বিপক্ষে ভারতের এ দলের হয়ে ৭৪.৬৬ গড়ে সর্বোচ্চ ২২৪ রান করেন তিনি। ঘরোয়া চ্যালেঞ্জার ট্রফিতেও ইন্ডিয়া ব্লুর হয়ে অর্ধ শতক করেছেন তিনি।
জিম্বাবুয়ের সিরিজের দল থেকে ব্যাটসম্যান দিনেশ কার্তিক, চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানে, পেস বোলার মোহিত শর্মা এবং স্পিনার পারভেজ রাসুল বাদ পড়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিশ্রামে থাকা পেসার উমেশ যাদবও দলে জায়গা পাননি।
ভারতের প্রথম তিন ওয়ানডে ও টি-টোয়েন্টির দল: এমএস ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, বিনয় কুমার, অমিত মিশ্র, আম্বতি রাইদু, মোহাম্মেদ সামি ও জয়দেব উনাদকাট।
