২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ফিরতে উদগ্রীব যুবরাজ

যুবরাজ সিং জানিয়েছেন, ভারতীয় দলে ফিরতে সাধ্যমতো সবকিছু করতে তিনি প্রস্তুত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 08:34 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যে ফ্রান্সে ছয় সপ্তাহের অনুশীলন শেষে সাংবাদিকদের কাছে দলে ফেরার প্রত্যাশার কথা জানান ভারতের ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। ফ্রান্সে তার সঙ্গে পেসার জহির খানও ছিলেন।

গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় যুবরাজের লক্ষ্য অবশ্য আগামী বিশ্বকাপ নয়। এ প্রসঙ্গে এই অলরাউন্ডার বলেন, “২০১৫ সালের বিশ্বকাপ এখনও অনেক দূরের পথ। আমার প্রথম লক্ষ্য দলে প্রত্যাবর্তন। আর সেজন্য চ্যালেঞ্জার্সের আগে আমাকে যত বেশি সম্ভব খেলতে হবে।”

“আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের হয়ে খেলা। আবার দেশের হয়ে খেলতে সম্ভাব্য সবকিছু আমি করবো।”

চ্যালেঞ্জার্স হলো ভারতের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট এনকেপি সালভে চ্যালেঞ্জার ট্রফি। আগামী মাসে এই প্রতিযোগিতা হবে।

দলে না থাকলেও সতীর্থদের সাফল্যে উচ্ছ্বসিত যুবরাজ। জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতার পর ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজেও চ্যাম্পিয়ন হয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

তিনি বলেন, “তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে আমি খুব খুশি। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সঠিক ভারসাম্য একটি দলকে শক্তিশালী করে তোলে।”