সেমিফাইনালে রাজস্থান রয়্যালস
পার্থ স্করচার্সকে সহজেই ৯ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির সেমিফাইনাল নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস।
‘বি’ গ্রুপ থেকে আগেই শেষ চারে উঠেছে আইপিএলের আরেক দল চেন্নাই সুপার কিংস।
টানা তৃতীয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে রাজস্থান। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউ জিল্যান্ডের ওটাগো ভোল্টস।
৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের ক্ষীণ আশা আছে শেষ চারে খেলার। গ্রুপের অন্য দুই দল লায়ন্স ও পার্থের পয়েন্ট দুই করে। দুই দলেরই বিদায় নিশ্চিত হয়ে গেছে।
রোববার জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে করতে নেমে শেষ বলে অলআউট হওয়ার আগে ১২০ রান করে পার্থ।
১১ ওভার শেষে ৩ উইকেটে ৭৬ রান করা পার্থ বিধ্বস্ত হয়েছে কেভন কুপারের তোপে। ওয়েস্ট ইন্ডিজের এই পেসারের মারাত্মক বোলিংয়ে ৪৪ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়ার দলটি।
সর্বোচ্চ ২৭ রান আসে অ্যাডাম ভোগসের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান উদ্বোধনী ব্যাটসম্যান লিয়াম ডেভিসের।
১৮ রানে ৪ উইকেট নিয়ে কুপার রাজস্থানের সেরা বোলার।
জবাবে ২১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় আইপিএলে তৃতীয় হওয়া রাজস্থান।
রানের চাকা ঘোরার আগে অধিনায়ক রাহুল দ্রাবিড় বিদায় নিলেও দলকে সহজ জয় এনে দিয়েছেন অজিঙ্কা রাহানে (অপরাজিত ৬২) ও সঞ্জু স্যামসন (অপরাজিত ৫০)। দ্বিতীয় উইকেটে ৯৫ বলে ১২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজনে।
