২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার ওভারেও ‘টাই’!

২০ ওভার শেষে দুই দলের রান সমান, সুপার ওভারেও সমান-সমান রান! চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে নাটকীয়তা আর রোমাঞ্চে ভরা এক ম্যাচে বেশি চার মারার সুবাদে লায়ন্সকে হারিয়েছে ওটাগো ভোল্টস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 10:09 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

রোববার জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের দারুণ এক শতকের ওপরে ভর করে ৪ উইকেটে ১৬৭ রান করে লায়ন্স।

১০৯ রানে অপরাজিত ককের ৬৩ বলের ঝড়ো ইনিংস ১০টি চার ও পাঁচটি ছক্কায় সাজানো ছিল।

জবাব দিতে নামা ওটাগোও ৭ উইকেটে ১৬৭ রান করায় খেলা গড়ায় সুপার ওভারে।

নিউজিল্যান্ডের দলটির পক্ষে ২৫ বলে অপরাজিত ৫২ রান জেমস নিশামের। হামিশ রাদারফোর্ড ও ডেরেক ডি বুর্ডার দুজনই করেন ৩২ রান করে।

সুপার ওভারে পাকিস্তানের বাঁহাতি পেসার সোহেল তানভীরের প্রথম ৫ বল থেকে মাত্র ৭ রান নিতে পারে ওটাগো। তবে শেষ বলে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ছক্কা তাদের এনে দেয় ১৩ রান।

জবাবে নিশামের প্রথম দুই বলে চার ও ছক্কা মেরে লায়ন্সকে জয়ের পথে এগিয়ে দেন ডি কক। কিন্তু পরের তিন বলে একটি উইকেট পতন এবং দুই রান হলে শেষ বলে প্রয়োজন হয় দুই রানের।

ডোয়াইন প্রিটোরিয়াস দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হয়ে গেলে সুপার ওভারেও থেকে যায় সমতা।

তাই নিয়মানুযায়ী চার-ছক্কার দ্বারস্থ হতে হয় দু দলকে। দু দল ৭টি করে ছক্কা মারলেও চারের সংখ্যায় লায়ন্সের (১১টি) চেয়ে ওটাগো (১২টি) এগিয়ে থাকায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়।

এমন রোমাঞ্চকর জয়ের সুবাদে তিন ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে ওটাগো।

চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট সংগ্রহ করা লায়ন্সের বিদায় নিশ্চিত হয়ে গেছে।