সিসিএসকে হারিয়ে দ্বিতীয় স্থানে ভিক্টোরিয়া
নাসির হোসেনের অধিনায়কোচিত ইনিংস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে তিন উইকেটের জয় এনে দিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে।
এই জয়ে পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ার অবস্থান দ্বিতীয়। অন্যদিকে টানা পঞ্চম হারের লজ্জায় পড়া সিসিএস লিগের সবচেয়ে নিচে।
শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২১৭ রান করে সিসিএস।
সর্বোচ্চ ৫২ রান সালমান হোসেনের। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ফারভিজ মাহারুফ।
ভিক্টোরিয়ার পক্ষে ৩৪ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার মনির হোসেন।
জবাবে ৮ বল হাতে লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়া।
৬৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভিক্টোরিয়াকে কক্ষপথে ফেরান অধিনায়ক নাসির। শ্রীলঙ্কার মিলিন্দা শিরিবর্ধনের (২৫) সঙ্গে ৪৮ ও যুবায়ের আহমেদের সঙ্গে ৭৫ রানের জুটি গড়ে দলকে ৫ উইকেটে ১৮৬ রানের স্বস্তিকর জায়গায় নিয়ে নিয়ে যান তিনি।
ম্যাচ সেরা নাসিরের ৭৮ বলে খেলা ৭৭ রানের ইনিংসটি ৭টি চার ও একটি ছক্কায় সাজানো।
এক রানের ব্যবধানে নাসির ও মোহাম্মদ শরীফ বিদায় নিলেও এনামুল হককে (অপরাজিত ১১) সঙ্গে নিয়ে ভিক্টোরিয়াকে স্বস্তির জয় এনে দেন জুবায়ের আহমেদ (অপরাজিত ৪০)।
সিসিএসের পক্ষে ৩৬ রানে ৩ উইকেট নেন অফস্পিনার আসিফ আহমেদ।
