২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকীয় জয়ে শীর্ষে দোলেশ্বর

এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অন্যতম চমকের নাম প্রাইম দোলেশ্বর। তেমন বড় দল না গড়েও একের পর এক জিতেই চলেছে তারা। গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সকে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে নাটকীয়ভাবে তিন রানে হারিয়ে দেয়া দোলেশ্বরই এখন লিগের শীর্ষে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 06:54 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

পাঁচ ম্যাচে টানা চতুর্থ জয় পাওয়া দোলেশ্বরের সংগ্রহে ৮ পয়েন্ট। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গাজী ট্যাঙ্কের অবস্থান ষষ্ঠ।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২১১ রান করে দোলেশ্বর।

সর্বোচ্চ ৬৫ রান রোশান শিবাঙ্কা সিলভার। এই শ্রীলঙ্কান ব্যাটসম্যানের ৬৭ বলের ইনিংসে তিনটি করে ছক্কা ও চার। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান উদ্বোধনী ব্যাটসম্যান মেহেদী মারুফের। এছাড়া মমিনুল হকের ব্যাট থেকে আসে ৩৪ রান।

৫৩ রানে ৪ উইকেট নিয়ে পেসার রুবেল হোসেন গাজী ট্যাঙ্কের সেরা বোলার।

জবাবে গাজী ট্যাঙ্ক ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৫ রান করার পর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয় যায়। বৃষ্টি থামার পর নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৬ ওভারে ১৪৬ রান।

অর্থাৎ ৭ উইকেট হাতে নিয়ে ৩০ বলে ৩১ রান করতে হতো গাজী ট্যাঙ্ককে। কিন্তু এই আপাত ‘সহজ’ কাজটি করতে পারেনি তারা। দলের দুই সেরা ব্যাটসম্যান নিউজিল্যান্ডের স্কট স্টাইরিস (৪০) ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের (৩১) বিদায়ের পর আর কেউ দায়িত্ব নিয়ে খেলতে না পারায় দ্বিতীয় হারের হতাশায় পুড়তে হয় গাজী ট্যাঙ্ককে।


মিডিয়াম পেসে ১৮ রানে ৩ উইকেট নিয়ে অধিনায়ক ফরহাদ রেজা দোলেশ্বরের সবচেয়ে সফল বোলার।