২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সের কাছে চতুর্থ হার দেখলো খেলাঘর

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে হেরেই চলেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। বৃহস্পতিবার নবাগত এই দলটিকে আট উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 03:56 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

এ পর্যন্ত চার ম্যাচ খেলে সবকটিতেই হারলো খেলাঘর। অন্যদিকে, সমান ম্যাচে ব্রাদার্সের এটি তৃতীয় জয়।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবারো ব্যর্থ হয় খেলাঘরের ব্যাটসম্যানেরা। টসে হেরে ব্যাট করতে নেমে ৪৪ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়া দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৩৩ ওভার চার বল খেলে ১০২ রানেই অলআউট হয়ে যায় খেলাঘর।

খেলাঘরের পক্ষে ব্যাক্তিগত সর্বোচ্চ ৩৫ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান শ্রীলঙ্কার মাইকেল ভ্যানডর্ট।

জবাবে ২৪ ওভার ৫ বলে দুই উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স।

ব্রাদার্সের জয়ে সবচেয়ে বড় অবদান শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের। বল হাতে ১৭ রানে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া তামিম ইকবাল ২১ ও নাফিস ইকবাল অপরাজিত ১৫ রান করেন।

খেলাঘরের ইনিংসকে অল্প রানে বেধে রাখতে ম্যাচসেরা ম্যাথিউসের পাশাপাশি ব্রাদার্সের পাশাপাশি দু'টি করে উইকেট নেন শ্রীলঙ্কার আরেক অলরাউন্ডার সাচিত্রা সেনানায়েকে ও স্পিনার সানজামুল ইসলাম।