২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইম দোলেশ্বরের টানা তৃতীয় জয়

প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা তৃতীয় জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 08:57 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

এই জয়ে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দোলেশ্বর। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে প্রাইম ব্যাঙ্কের অবস্থান পঞ্চম।

মঙ্গলবার বিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৫ বলে ১৮২ রানে অলআউট হয়ে যায় প্রাইম ব্যাঙ্ক। জবাবে ৪৫ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দোলেশ্বর।

লক্ষ্য তাড়া করতে নেমে ৭৮ রানে প্রথম চার ব্যাটসম্যান বিদায় নেয়ার পর দুই শ্রীলঙ্কান তিলকরত্নে সাম্পাথের (৩৪) সঙ্গে রোশান সিলভার ৮৯ রানের জুটি জয়ের পথে এগিয়ে দেয় দোলেশ্বরকে।

দলীয় ১৬৭ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাম্পাথ বিদায় নিলেও দলকে জয় এনে দিয়েই মাঠ থেকে ফেরেন সিলভা (অপরাজিত ৬৩) ও অধিনায়ক ফরহাদ রেজা (অপরাজিত ১৪)। প্রাইম ব্যাঙ্কের পক্ষে ৪২ রানে দুই উইকেট নেন অধিনায়ক এনামুল হক জুনিয়র। সকালে উদ্বোধনী ব্যাটসম্যান সৈকত আলীর (৫২) সঙ্গে লাহিরু থিরিমান্নের (৫১) ৮৬ রানের তৃতীয় উইকেট জুটি প্রাইম ব্যাঙ্ককে দুই উইকেটে ১২১ রানের শক্ত জায়গায় পৌঁছে দিয়েছিল। কিন্তু বাঁহাতি স্পিনার সাম্পাথের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ১৩ রানের ব্যবধানে সৈকত, থিরিমান্নে, মাহমুদুল হাসান ও জীবন মেন্ডিসকে হারিয়ে ৬ ‍উইকেটে ১৩৪ রানে পরিণত হয় তারা। এরপর তাইবুর পারভেজ (৩৪) অনেক চেষ্টা করলেও লড়াই করার মতো সংগ্রহ পায়নি প্রাইম ব্যাঙ্ক। ম্যাচ সেরা সাম্পাথ ও অফস্পিনার সোহাগ গাজী দুজনেরই শিকার তিনটি করে উইকেট।