২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টাইরিসের শতকে গাজী ট্যাঙ্কের জয়

স্কট স্টাইরিসের শতকের ওপরে ভর করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ৫ উইকেটে হারিয়েছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 07:52 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে আছে গাজী ট্যাঙ্ক। টানা চতুর্থ ম্যাচ হেরে যাওয়া সিসিএসের অবস্থান সবার নিচে।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫৫ রান করে সিসিএস।

১১৩ বলে ৭টি চারটি সহ সর্বোচ্চ ৭৩ রান আসে সালমান হোসেনের ব্যাট থেকে। ৪৬ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন শ্রীলঙ্কার জিহান রুপাসিংহে।
গাজী ট্যাঙ্কের পক্ষে ৫০ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি।

জবাবে ৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় গাজী ট্যাঙ্ক।

জ্বরের কারণে নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে গাজী ট্যাঙ্ককে নেতৃত্ব দেন ইমরুল কায়েস। ইমরুলের (৫৪) সঙ্গে ১২২ রানের দারুণ এক জুটি গড়ে দলকে ৩ উইকেটে ১৯০ রানে পৌঁছে দেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার স্টাইরিস। ১০২ রান করা স্টাইরিসের ১১৯ বলের ইনিংসে ৯টি চার ও একটি ছক্কা। স্টাইরিসের আউটের পর-পরই কৌশল বীরারত্নের বিদায় চাপে ফেলে দিয়েছিল গাজী ট্যাঙ্ককে। তবে হামিদুল ইসলামের (অপরাজিত ২৩) সঙ্গে রকিবুলের (অপরাজিত ৫৮) অবিচ্ছিন্ন ৬৮ রানের জুটি দলকে স্বস্তির জয় এনে দেয়। সিসিএসের পক্ষে ৪৭ রানে ২ উইকেট নেন অফস্পিনার আসিফ আহমেদ।