২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবরাজের দলে ফেরার সম্ভাবনা ২০০ ভাগ: সৌরভ

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ব্যাট হাতে যুবরাজ সিংয়ের সাফল্যে দারুণ খুশি সৌরভ গাঙ্গুলী। ভারতের সাবেক অধিনায়কের বিশ্বাস, জাতীয় দলে যুবরাজের প্রত্যাবর্তন পুরোপুরি নিশ্চিত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 08:00 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত ‘এ’ দল ২-১ ব্যবধানে হেরে গেলেও ব্যাট হাতে দারুণ সফল ছিলেন অধিনায়ক যুবরাজ।

প্রথম ম্যাচে তার ৮৯ বলে ১২৩ রানের সুবাদে ৭৭ রানের সহজ জয় পায় স্বাগতিকরা। পরের দুই ম্যাচে দল হেরে গেলেও যুবরাজ করেন ৪০ ও ৬১ রান।

ভারতের একটি নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, “আবার তাকে (যুবরাজ) পূর্ণোদ্যমে ব্যাট করতে দেখে খুব ভালো লাগছে। তাকে ছন্দে ফিরতে দেখে আমি একদমই অবাক হইনি। তার (জাতীয় দলে) ফেরার সম্ভাবনা ২০০ ভাগ।”

“মিডল অর্ডারে অবশ্যই যুবরাজ সিংকে রাখতে হবে। দীনেশ কার্তিকের প্রতি পুরোপুরি সম্মান রেখেই বলছি, চার নম্বর ব্যাটসম্যানের জায়গাটা যুবরাজের সবচেয়ে বেশি প্রাপ্য।”

আগামী মাসে ৭টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে ভারত সফরে আসবে অস্ট্রেলিয়া। ৩০ সেপ্টেম্বর ভারতের দল ঘোষণা করা হতে পারে।

যুবরাজের প্রশংসার পাশাপাশি শচীন টেন্ডুলকারের অবসর প্রসঙ্গে গণমাধ্যমের সংবাদ নিয়ে বিরক্তি প্রকাশ করেন সৌরভ।

কয়েক দিন আগে ভারতের কয়েকটি পত্রিকা জানিয়েছিল, ২০০ টেস্টের রেকর্ড গড়ার পর টেন্ডুলকারকে নাকি অবসর নেয়ার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচক সন্দীপ পাতিল। পাতিল নিজে অবশ্য এই খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।

এ প্রসঙ্গে ভারতের অন্যতম সফল অধিনায়ক বলেন, “অতীতে রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ এবং আমার সম্পর্কেও এ ধরনের অনেক গুঞ্জন শোনা গেছে। তবে আমার মনে হয় না বোর্ড কিংবা পাতিল টেন্ডুলকারের সঙ্গে তার শেষ টেস্ট নিয়ে কথা বলেছে।”

২০০ টেস্টের পর টেন্ডুলকার খেলে যাবেন কিনা এমন প্রশ্ন করা হলে সৌরভ বলেন, “টেন্ডুলকারের মতো একজন অসাধারণ ক্রিকেটারের যদি খেলার মতো আত্মবিশ্বাস থাকে, তাহলে তাকে (আগামী বছর) দক্ষিণ আফ্রিকা সফরে যেতে দেখলেও আমি অবাক হবো না।”