২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হায়দ্রাবাদও জিতেছে ৮ উইকেটে

দুই উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও পার্থিব প্যাটেলের অর্ধশতকের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কান্দুরাতা মেরুন্সকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক ভারতের হায়দ্রাবাদ সানরাইজার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 12:47 AM

Updated : 25 Apr 2022, 07:16 PM

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ওটাগো ভোল্টসও পাকিস্তানের ফয়সালাবাদ উল্ভসকে ৮ উইকেটে হারিয়েছিল।

মোহালিতে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৬৮ রানের বেশ ভালো সংগ্রহ দাঁড় করায় কান্দুরাতা।

৪৬ বলে সর্বোচ্চ অপরাজিত ৬১ রান আসে কুমার সাঙ্গাকারার ব্যাট থেকে।

৩৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রান করেন অধিনায়ক লাহিরু থিরিমান্নে। শেষ দিকে দিলহারা লোকুহেত্তিগের ১০ বলে অপরাজিত ২১ রান পৌনে দু শ’র কাছাকাছি পৌঁছে দেয় কান্দুরাতাকে।

জবাব দিতে নামা হায়দ্রাবাদকে ধাওয়ান-পার্থিবের ৮৩ বলে ১২১ রানের উদ্বোধনী জুটি জয় নিয়ে দুশ্চিন্তায় পড়তে দেয়নি।

৫৩ বলে ১১টি চারের সাহায্যে ৭১ রান করেন অধিনায়ক ধাওয়ান। পার্থিবের ৪২ বলে ৫২ রানের ইনিংসে ৭টি চার।

৯ বল হাতে রেখে হায়দ্রাবাদকে লক্ষ্যে পৌঁছে দিতে থিসারা পেরেরার অবদানও কম নয়। স্বদেশের দলের বিপক্ষে মাত্র ১১ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৩২ রান করে অপরাজিত থেকে যান এই শ্রীলঙ্কান অলরাউন্ডার।