২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাককালাম ‘ঝড়ে’ ওটাগোর সহজ জয়

জিম্বাবুয়ের কাছে টেস্ট হারের ধাক্কা সামলে উঠতে না উঠতেই পাকিস্তান ক্রিকেটের জন্য আরেকটি ধাক্কা। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির বাছাই পর্বের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের ফয়সালাবাদ উল্ভসকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে ওটাগো ভোল্টস। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের দলটির সহজ জয় নির্মিত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 10:41 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

মঙ্গলবার মোহালিতে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৯ রান করে ফয়সালাবাদ।

৩৪ বলে সর্বোচ্চ ৪৬ রান আসে অধিনায়ক মিসবাহ-উল-হকের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান খুররাম শেহজাদের।

দুটি করে উইকেট নেন ইয়ান বাটলার, জেমস ম্যাকমিলান ও জিমি নিশাম।

জবাবে ম্যাককালামের ৬৫ বলে ৯টি চার ও দুটি ছক্কাসমৃদ্ধ অপরাজিত ৮৩ রান ১৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় ওটাগোকে।

তৃতীয় উইকেটে অধিনায়কের সঙ্গে ৭৫ বলে অবিচ্ছিন্ন ১০১ রানের জুটি গড়েন ডেরেক ডি বুর্ডার (অপরাজিত ৩০)।

১২ বলে তিন ছক্কায় তৃতীয় সর্বোচ্চ ২৫ রান উদ্বোধনী ব্যাটসম্যান হামিশ রাদারফোর্ডের।