২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিততে-জিততে মহিলা ক্রিকেটারদের হার

জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র তিন রানে হেরে গেছে মহিলা ক্রিকেট দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 10:11 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

প্রথম দুই ম্যাচে জয় পাওয়া স্বাগতিক দল তাই ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে।

রোববার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে ১১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশকে ৮১ রানের উদ্বোধনী জুটি উপহার দিয়ে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন আয়েশা রহমান (৫৭ বলে ৪২) ও রুমানা আহমেদ (৪৩ বলে ৪০)।

কিন্তু ১৪ ওভার ২ বল স্থায়ী উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার পর বাংলাদেশের মেয়েরা আর পেরে ওঠেনি। রুমানা আর লতা মণ্ডলের রান আউট তার অন্যতম কারণ।

শেষ পাঁচ ওভারে ২৭, তিন ওভারে ১৮ ও শেষ ওভারে ১২ রান প্রয়োজন ছিল। ৮ রানে অপরাজিত ফারজানা হক অনেক চেষ্টা করলেও অন্য প্রান্ত থেকে সহায়তা না পাওয়ায় তিন রানের ব্যবধান ঘোচেনি।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করা মারিজান্নে কাপ নেন দুই উইকেট।

এর আগে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ উইকেটে ১০৯ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৫২ রান অধিনায়ক মিগনন দ্যু প্রিজের। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ২৪ রান কাপের।

অফস্পিনে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে দুই উইকেট নেন অধিনায়ক সালমা খাতুন। টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর, বেনোনিতে। সংক্ষিপ্ত স্কোর দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ১০৯/৪ (লি ১১, চেট্টি ০, দ্যু প্রিজ ৫২, কাপ ২৪*, ব্রেটন ১৪, নিকার্ক ৪*; সালমা ২/৭, রিতু ১/১৪, কুবরা ১/১৭)
বাংলাদেশ
: ২০ ওভারে ১০৬/৪ (আয়েশা ৪২, রুমানা ৪০, লতা ৮, সালমা ১, ফারজানা ৮*, রিতু ১*; কাপ ২/২০)
ম্যাচ সেরা
: মিগনন দ্যু প্রিজ।