চূড়ান্ত হলো এশিয়া কাপের তারিখ
বাংলাদেশে আগামী বছরের এশিয়া কাপ ক্রিকেটের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত হবে প্রতিযোগিতার ত্রয়োদশ আসর।
গত ৮ এপ্রিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় ভেন্যু সরিয়ে নেয়া হয় বাংলদেশে। শনিবার চেন্নাইয়ে এসিসির আরেকটি সভায় তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
ভারত টুর্নামেন্ট আয়োজনে অপারগতা প্রকাশ করায় গত আসরের স্বাগতিক বাংলাদেশ এবারও এশিয়া কাপ আয়োজনের সুযোগ পায়।
টুর্নামেন্টের অফিসিয়াল ব্রডকাস্টার নিম্বাস। কোম্পানিটি নিজেদের দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করায় তাদের থাকা নিয়ে শঙ্কা জেগেছে। নিম্বাস ব্যাঙ্ক গ্যারান্টির প্রথম কিস্তির টাকা পরিশোধ করায় কর্মকর্তারা এখনো আশাবাদী, তবে তাদের একটি সময়সীমা বেধে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপর প্রয়োজনে নতুন ব্রডকাস্টার খুঁজবে এসিসি।
নিউ জিল্যান্ড সফরের জন্য ভারতের এশিয়া কাপের অংশগ্রহণ কিছুটা অনিশ্চিত ছিল। বৈঠক অংশ নেয়া এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, এশিয়া কাপে খেলবে ভারত। এর জন্য নিউ জিল্যান্ড সফর কিছুটা সংক্ষিপ্ত করতে পারে তারা।
