বাটলারের ঝড়ো ব্যাটিংয়ে সমতায় ইংল্যান্ড
ক্লিন্ট ম্যাকায়ের হ্যাটট্রিকও জয় এনে দিতে পারেনি অস্ট্রেলিয়াকে। বরং জস বাটলারের আক্রমণাত্মক ব্যাটিংয়ের ওপরে ভর করে কার্ডিফে চতুর্থ ওয়ানডেতে তিন উইকেটের নাটকীয় জয় পেয়েছে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ায় এবং প্রথম ও তৃতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সিরিজে এখন ১-১ সমতা। সোমবার রোজ বৌলে পঞ্চম ও শেষ ওয়ানডে হবে।
সোফিয়া গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ২ বলে ২২৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে তিন বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে ৮ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় ইংল্যান্ড। তৃতীয় ওভারের প্রথম তিন বলে কেভিন পিটারসেন, জোনাথন ট্রট ও জো রুটকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন ডানহাতি পেসার ম্যাকায়।
পিটারসেন এলবিডব্লিউ হওয়ার পর ট্রট অ্যারন ফিঞ্চ এবং রুট শেন ওয়াটসনকে ক্যাচ দেন। ওয়ানডে ক্রিকেটে এটা ৩৩তম হ্যাটট্রিক।
চতুর্থ উইকেটে মাইকেল কারবেরির (৬৩) সঙ্গে অধিনায়ক ওয়েন মর্গানের (৫৩) ১০৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিক দল। কিন্তু ১৪ রানের ব্যবধানে এই দুজন এবং দলীয় ১৪৪ রানে রবি বোপারার বিদায় আবার বিপদে ফেলে দেয় ইংল্যান্ডকে।
বাটলার অবশ্য তাতে ঘাবড়ে যাননি। বেন স্টোকসের সঙ্গে ৭৫ রানের জুটি গড়ে দলকে ২১৯ রানে পৌঁছে দেন তিনি।
৪৯তম ওভারে স্টোকসকে (২৫) বোল্ড করে অস্ট্রেলিয়াকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন ম্যাকায়। কিন্তু বাটলারকে ফেরাতে পারেনি অতিথিরা। ৪৮ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৬৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ থেকে ফেরেন বাটলার। ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি।
৩৯ রানে ৪ উইকেট নেন ম্যাকায়।
এর আগে ৫৭ রানে প্রথম চার ব্যাটসম্যান বিদায় নেয়ার পর অ্যাডাম ভোগেসের (৩০) সঙ্গে ৬৭ ও ম্যাথু ওয়েডের (৩৬) সঙ্গে ৮৫ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে ২০৯ রানে পৌঁছে দিয়েছিলেন ৯১ বলে ৮৭ রান করা জর্জ বেইলি।
কিন্তু মাত্র ১৮ রানে বেইলিসহ শেষ পাঁচ উইকেট হারিয়ে সোয়া দু শ’র সামান্য ওপরে গিয়ে থেমে যায় অস্ট্রেলীয়দের ইনিংস।
৫৩ রানে তিন উইকেট নেন অফস্পিনার জেমস ট্রেডওয়েল।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া্: ৪৮.২ ওভারে ২২৭ (ফিঞ্চ ০, মার্শ ২৫, ওয়াটসন ৬, ক্লার্ক ২২, বেইলি ৮৭, ভোগেস ৩০, ওয়েড ৩৬, ফকনার ১, জনসন ৪, কোল্টার-নাইল ৭*, ম্যাকায় ২; ট্রেডওয়েল ৩/৫৩, র্যাঙ্কিন ২/৩১, ফিন ২/৪৩, স্টোকস ১/৪২, বোপারা ১/৪৫)
ইংল্যান্ড: ৪৯.৩ ওভারে ২৩১/৭ (কারবেরি ৬৩, পিটারসেন ৫, ট্রট ০, রুট ০, মর্গান ৫৩, বোপারা ৭, বাটলার ৬৫*, স্টোকস ২৫, ট্রেডওয়েল ১*; ম্যাকায় ৪/৩৯, কোল্টার-নাইল ১/৩৪, ওয়াটসন ১/৪৩, ফকনার ১/৪৩)
ম্যাচ সেরা: জস বাটলার।
