ভারতে যাচ্ছে ফয়সালাবাদ ওল্ভস
কয়েক দিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে পাকিস্তানের দল ফয়সালাবাদ ওল্ভসের খেলোয়াড়দের ভিসা দিয়েছে ভারত সরকার।
অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে অংশ নিতে ভারতে যাচ্ছে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপাজয়ী দলটি।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’কে ফয়সালাবাদের এক ক্রিকেটার জানিয়েছেন, ভিসা পাওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের দলের সব ক্রিকেটারকে লাহোরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে।
১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী দিনে ফয়সালাবাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের ওটাগো ভোল্টস।
বাছাইপর্বের অন্য দুই দল ভারতের সানরাইজার্স হায়দ্রাবাদ ও শ্রীলঙ্কার কান্দুরাতা মেরুন্স।
২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া চূড়ান্ত পর্বে আটটি দলের সঙ্গে অংশ নেবে বাছাই পর্ব পেরিয়ে আসা সেরা দুই দল।
