শুরুতেই বিধ্বস্ত মহিলা ক্রিকেটাররা
দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতেই বিশাল ব্যবধানে পরাজিত মহিলা ক্রিকেট দল। প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের কাছে ৯ উইকেটে হেরে গেছে তারা।
বৃহস্পতিবার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে মাত্র ৭২ রান করে বাংলাদেশ।
আয়েশা রহমান (২২ বলে ৮) ও ফারজানা হকের (৩৩ বলে ১৪) ধীরগতির ব্যাটিংয়ের কারণে প্রথম ১০ ওভারে ২৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে চারটি ওভারই ছিল মেইডেন।
আয়েশা ও ফারজানার বিদায়ের পর লতা (৩৯ বলে অপরাজিত ৩১) ও অধিনায়ক সালমা খাতুন (২৪ বল ১৭) চেষ্টা করলেও লড়াই করার মতো সংগ্রহ পায়নি বাংলাদেশ।
জবাবে ১৩ ওভার ৩ বলে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। তৃষা চেট্টি ৩৪ বলে ৩২ এবং অধিনায়ক মিগনন দ্যু প্রিজ ১৫ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি নেন অফস্পিনার খাদিজা তুল কুবরা।
শনিবার একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ৭২/৪ (আয়েশা ৮, ফারজানা ১৪, লতা ৩১*, সালমা ১৭, রুমানা ১; ড্যানিয়েলস ১/৪, নিকার্ক ১/১৪)
দক্ষিণ আফ্রিকা: ১৩.৩ ওভারে ৭৬/১ (লি ১৪, তৃষা ৩২*, দ্যু প্রিজ ২৯*; কুবরা ১/২১)
