নবীর শতকে মোহামেডানের শুভসূচনা
মোহাম্মদ নবীর আক্রমণাত্মক শতকের ওপরে ভর করে ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ৩৪ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩০৭ রান করে মোহামেডান। জবাবে ৪৮ ওভার ২ বলে ২৭৩ রানে অলআউট হয়ে যায় প্রাইম দোলেশ্বর।
দলীয় ৮৩ রানে জুপিটার ঘোষ (১৩), তিলকরত্নে দিলশান (২৫), উপুল থারাঙ্গা (১২) ও রাজিন সালেহর (১১) বিদায়ে অস্বস্তিতে পড়ে যায় মোহামেডান।
তবে শামসুর রহমানের (৪৫) সঙ্গে ৭৬ ও ধীমান ঘোষের (২৮) সঙ্গে ১২৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন আফগানিস্তানের অধিনায়ক নবী।
বিপিএলের দ্বিতীয় আসরে সিলেট রয়্যালসের পক্ষে খেলা নবী প্রথম ৫২ রান করতে খরচ করেন ৫২ বল। তবে অর্ধশতকে পৌঁছানোর পরই উন্মত্ত হয়ে ওঠে তার ব্যাট। তাই পরের ৯৪ রান আসে মাত্র ৩৮ বলে। ৯০ বলে খেলা নবীর ১৪৬ রানের দুর্দান্ত ইনিংস ৯টি বিশাল ছক্কা ও ১৩টি চারে সাজানো।
প্রাইম দোলেশ্বরের পক্ষে আরিফুল হক ৩ উইকেট নেন ৪৭ রানে।
জবাবে দ্বিতীয় উইকেটে উদ্বোধনী ব্যাটসম্যান মেহেদী মারুফের (৫৫) সঙ্গে শ্রীলঙ্কার তিলকরত্নে সাম্পাথের (৬৮) ১১২ রানের জুটি প্রাইম দোলেশ্বরকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু এই দুজনের বিদায়ের পর আর কেউ প্রতিরোধ গড়তে না পারায় তাদের হার নিশ্চিত হয়ে যায়।
মোহামেডানের পক্ষে দুই অফস্পিনার মুরাদ খান ও দিলশান তিনটি করে এবং অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ৭ ওভারে ৩২ রানের বিনিময়ে দুই উইকেট নেন।
