খরচ কমাতে ভেন্যু পাল্টালো জিম্বাবুয়ে
খরচ কমানোর জন্য দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন করেছে অর্থ সঙ্কটে থাকা জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়ন।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট বুলাওয়ায়োর পরিবর্তে প্রথম টেস্টের ভেন্যু হারারেতেই আয়োজনের ঘোষণা দিয়েছে তারা।
দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর।
বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ভেন্যু পরিবর্তন হওয়ায় ৭৫ হাজার ডলার সাশ্রয় হবে।
দুই টেস্টের মধ্যে মাত্র তিন দিনের ব্যবধান থাকায় দুই দল, টেলিভিশন ক্রুদের কম সময়ের মধ্যে রাজধানী থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণে বুলাওয়ায়োতে নিতে প্রচুর অর্থ খরচ হতো।
অর্থসঙ্কটে থাকা জিম্বাবুয়েকে সাম্প্রতিক সময়ে বেশ ক’বারই খেলোয়াড়দের বয়কটের হুমকির মুখে পড়তে হয়েছে। বকেয়া পরিশোধ না করায় প্রথম টেস্টে খেলছেন না শন উইলিয়ামস। তবে দলের অন্যরা দ্বিতীয় টেস্টের আগ পর্যন্ত সময় দিয়েছে বোর্ডকে।
সাম্প্রতিক সময়ে দলের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্রেগ আর্ভিন ও কাইল জার্ভিস জাতীয় দল ছেড়ে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে যোগ দিয়েছেন।
বোর্ডে মুখপাত্র লাভমোর বান্দা রয়াটার্সকে বলেছেন, আগামী মাসের শ্রীলঙ্কার সফর বাতিলের জন্য আলোচনা করেছে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কাও জানিয়েছে, তাদের কাছে সিরিজ বাতিলের জন্য অনুরোধ এসেছে তবে তারা আরো পরিস্কার বার্তার জন্য অপেক্ষা করছে।
