২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ্জাকের ৭ উইকেটের পর মার্শালের শতক

প্রস্তুতি ম্যাচে জ্বলে উঠেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক আর গত মৌসুমে প্রথম শ্রেণীর দু'টি টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক মার্শাল আইয়ুব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 07:47 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

তিন দিনের ম্যাচের প্রথম ইনিংসে রাজ্জাকের ৭ উইকেটের পর অপরাজিত শতক করেন আইয়ুব। ম্যাচের দ্বিতীয় দিন উইকেট পেয়েছেন দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজাও।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বুধবার ৪ উইকেট ১৫৬ রান নিযে রান নিয়ে খেলা শুরু করে বিসিবি সবুজ দল। আগের দিনের ৭৬ রানের জুটিকে এদিন ১৪০ পর্যদন্ত নিয়ে যান মুশফিকুর রহিম ও মেহরাব হোসেন জুনিয়র।

মুশফিককে (৮৪) মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচে পরিণত করে জুটি ভাঙ্গেন রাজ্জাক। অর্ধশতকে পৌঁছানোর পর বিদায় করেন মেহরাবকেও (৫১)। সবুজ দলের শেষ পাঁচ ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কের ঘরে পৌঁছান কেবল সোহাগ গাজী (৩৫)।

মেহরাবের বিদায়ের পর ১৯ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ২৬৮ রানে থেমে যায় লাল দলের প্রথম ইনিংস।

৭৩ রানে ৭ উইকেট নিয়ে লাল দলের সেরা বোলার রাজ্জাক। সাকিব আল হাসান ও সোহাগ গাজীর সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে টেস্ট দলে থাকার দাবি জানিয়ে রাখলেন অভিজ্ঞ এই স্পিনার।

আগের দিন ৫ ওভারের দুটি স্পেল করলেও কোনো উইকেট পাননি মাশরাফি। দ্বিতীয় দিন ৫ ওভার বল করে তিনি আউট করেন জিয়াউর রহমানকে। উইকেটের পেছনে এনামুল হককে ক্যাচ দেন জিয়া।

জবাবে ২৭ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়লেও দিন শেষে দলকে ৫ উইকেটে দলকে ২৮২ রানের দৃঢ় অবস্থানে নিয়ে আসার কৃতিত্ব মার্শালের।

নাসির হোসেনের (৩৪) সঙ্গে ৬১, মাহমুদুল্লাহর (২৩) সঙ্গে ৬৫ রানের দুটি জুটি গড়ে পরিস্থিতি সামাল দেয়ার পর ষষ্ঠ উইকেটে সৌম্য সরকারের (৫৫*) সঙ্গে ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মার্শাল। ১৪৭ রানে অপরাজিত থাকা মার্শালের ১৯৭ বলের ইনিংসে রয়েছে ২১টি চার ও ২টি ছক্কা।

চতুর্দশ জাতীয় ক্রিকেট লিগে ১১ ম্যাচে ৬০৪ ও বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল-বড় দৈর্ঘ্য) ৪ ম্যাচে ৪৬৫ রান করে দুই টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহক ছিলেন মার্শাল। নাঈম ইসলামের চোটে শ্রীলঙ্কা সফরে টেস্ট দলে থাকলেও সেবার খেলার সুযোগ পাননি।

সবুজ দলের পক্ষে রবিউল ইসলাম ৩২ রানে নেন ২ উইকেট।