বিয়ারের লোগো থেকে রেহাই ফাওয়াদের
দলের মুসলমান লেগ স্পিনার ফাওয়াদ আহমেদের পোশাক থেকে পৃষ্ঠপোষক বিয়ার কোম্পানি লোগো সরিয়ে নিতে রাজি হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ধর্মীয় বিশ্বাস থেকে বিয়ারের লোগোটি সরানোর আবেদন জানিয়েছিলেন পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় আশ্রয় নেয়া ফাওয়াদ।
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের পোশাকে অনেক বছর ধরেই স্থানীয় জনপ্রিয় বিয়ার ভিক্টোরিয়া বিটারের (ভিবি) লোগো রয়েছে।
ফাওয়াদ তার শার্ট থেকে 'ভিবি' লোগোটি সরানোর জন্য আবেদন করেছিলেন। এ আবেদন মঞ্জুর করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাহী মহা ব্যববস্থাপক মাইক ম্যাককেনা।
বিয়ারের কোনো লোগো ছাড়াই মাঠে ক্রিকেটের পোশাক পরতে পারবেন ফাওয়াদ।
গত সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া দলের হয়ে অভিষেক হয় ফাওয়াদের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার পোশাকে 'ভিবি' লোগোটি দেখা যায়নি। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচের সিরিজেও আছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলার পোশাকেও ক্রিকেট সাউথ আফ্রিকার পৃষ্ঠপোষক বিয়ার কোম্পানি ক্যাসলের কোনো লোগো নেই।
২০১০ সালে স্বল্প মেয়াদের ভিসায় অস্ট্রেলিয়া এসেছিলেন ফাওয়াদ। তারপরই তিনি দেশটিতে রাজনৈতিক আশ্রয় চান। কারণ হিসেবে বলেন, পাকিস্তানে তার জীবন হুমকির মুখে। দেশে একটি এনজিওর হয়ে নারী অধিকার নিয়ে কাজ করায় ইসলামিক উগ্রবাদী দল তার জীবননাশের হুমকি দিয়েছিল। পরে ফাওয়াদের অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া দ্রুততর করা হয়।
