পিসিবির সঙ্গে আলোচনায় যাবে না বিসিবি
বাংলাদেশের পাকিস্তান সফরে না যাওয়া এবং বিপিএল পাকিস্তানের খেলোয়াড় না পাঠানো নিয়ে দুই দেশের দ্বি-পাক্ষিক ক্রিকেটীয় সম্পর্কে অবনতি ঘটেছে। তবে এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, “আলোচনার তো কোনো প্রশ্নই উঠে না। তারা আলোচনা না করেই হঠাৎ করে শেষ মুহূর্তে জানিয়েছিল পাকিস্তানি প্লেয়ারদের ওরা বাংলাদেশে খেলতে পাঠাবে না। আমরা এটা গ্রহণ করেছি এবং ওভাবেই চলছি।”
সময় মতো সিলেট ও কক্সবাজার স্টেডিয়ামের দরপত্র আহ্বান না করায় জাতীয় ক্রীড়া পরিষদের সমালোচনা করেছেন নাজমুল হাসান। তিনি বলেন, “এই দুটি ভেন্যুর যে সময় টেন্ডার হওয়া উচিৎ ছিল সে সময় হয়নি, অনেক দেরি করে ফেলেছে এনএসসি। আর সিলেটে ওরা কাজও শুরু করেছে অনেক দেরিতে।”
“কক্সবাজারেরটা তো করতেই পারেনি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ভেন্যু বানানোর জন্য নিজেরাই সেখানে কাজ করছি”, অভিযোগ করেন নাজমুল।
বাংলাদেশে ভেন্যু পাওয়া না গেলে বিশ্বকাপের যৌথভাবে আয়োজনের আগ্রহ দেখিয়েছিল ভারত। দেশের ভেতরেই বিকল্প ভেন্যু থাকায় অন্য কোথায় ভেন্যু খোঁজতে হবে না বলে আইসিসিকে জানিয়েছে বিসিবি।
“আইসিসির বোর্ড মিটিংয়ে এই কথা উঠার পর আমি বলেছি, বিকল্প ভেন্যুর জন্য বাইরে যাওয়ার কোনো দরকার নেই, বাংলাদেশেই বিকল্প ভেন্যু রয়েছে। ফতুল্লা স্টেডিয়াম প্রস্তুত, বিকেএসপির দুটি মাঠও এর মধ্যে প্রস্তুত হয়ে যাবে।”
