২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে হচ্ছে 'শেখ কামাল' স্টেডিয়াম

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কক্সবাজারে নতুন স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান সোমবার এ তথ্য জানিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 07:58 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

সোমবার বিসিবির সভা শেষে নাজমুল হাসান বলেন, “আগামীকাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। দু'দিন আগে উনার সঙ্গে দেখা হলে এই প্রস্তাব (উদ্বোধন করার) দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে তিনি সম্মতি জানিয়েছেন। নাম যেটা ঠিক করা হয়েছে, শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।”

“এখন আমরা স্টেডিয়াম করছি। কিন্তু এখানটায় ক্রিকেট কমপ্লেক্সও হবে। আরও অনেক কনস্ট্রাকশন হবে। শুধু মাত্র মহিলা বিশ্বকাপের জন্য যতটুকু করতে হবে, আপাতত সেইটুকু আমরা করেছি।”

বিসিবি যে জায়গায় স্থায়ী মাঠ ও ক্রীড়া কমপ্লেক্স বানাতে চাইছে, সে জায়গার মালিক পর্যটন মন্ত্রণালয়। তাদের সঙ্গে ঝামেলা মিটেছে কি না জানতে চাইলে নাজমুল বলেন, “পর্যটনের সাথে ঝামেলা নেই, তবে এখানে কতগুলো ইস্যু আছে, যেগুলোর এখনও পুরোপুরি সামাধান হয়নি। কাজ থামিয়ে এগুলো সমাধানের কোনো সুযোগ ছিল না। আমার মনে হয় এটা নিয়ে সামনে আর কোনো ঝামেলা হবে না, নাম নিয়ে তো প্রশ্নই উঠে না।”

“বিশ্বকাপ শেষে উনারা যদি অন্য কোথাও আমাদের সম্পূর্ণ সন্তুষ্ট করে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম বানিয়ে দিতে পারেন তখন আমরা চিন্তা করে দেখব এটা শিফট করা, না করা নিয়ে,” যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী এখানেই স্টেডিয়াম বানানোর কথা বলেছেন। এরপর কোনো মন্ত্রণালয়ের দ্বিমত প্রকাশ করা কতটা যৌক্তিক জানতে চাইলে তিনি বলেন, “এই প্রশ্নের উত্তর দেয়া খুব কঠিন। এখানে কি করবেন, না করবেন তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেই উনারা বসবেন আমাদের এখানে ইনভলভ হওয়ার কোনো দরকার নেই।”

কক্সবাজারে নতুন স্টেডিয়াম গড়ে তোলার যুক্তি তুলে ধরলেন বিসিবি সভাপতি।

“এখানে মহিলা বিশ্বকাপ আয়োজন করার জন্য যা যা করার দরকার তা সময় মতো শেষ করার চেষ্টা করছি। এটা যদি শেষ করতে পারি এবং আইসিসির অনুমোদন পাই তাহলে এখানেই খেলাটা খেলবো। বিশ্বকাপ শেষে এখানে ঘরোয়া খেলাগুলোও হবে। আমাদের তো এমনিতেই স্টেডিয়ামের স্বল্পতা, একটা বাড়তি স্টেডিয়াম বানানো হলে তো অবশ্যই খেলা হবে।”

পুরনো খবর:

চট্টগ্রাম ও কক্সবাজার নিয়ে সন্তুষ্ট আইসিসি