২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও কক্সবাজার নিয়ে সন্তুষ্ট আইসিসি

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই সম্ভাব্য ভেন্যু চট্টগ্রাম ও কক্সবাজার স্টেডিয়াম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে আইসিসি পরিদর্শক দল।

নিজস্ব প্রতিবেদক

ও কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 06:56 PM

Updated : 13 Oct 2022, 02:55 PM

মঙ্গলবার দুপুরে বৃষ্টি মাথায় নিয়েই চট্টগ্রামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করতে হয়েছে প্রতিনিধি দলকে।

পরিদর্শন শেষে পরিদর্শক দলের প্রধান আইসিসির ইভেন্ট ব্যবস্থাপক ক্রিস টেটলি সাংবাদিকদের বলেন, “চট্টগ্রামে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ হয়েছে। তাদের অনেক আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতাও আছে। চট্টগ্রামের প্রস্তুতি ভালোই। তাদের অবশ্য কখনোই ভেন্যু নিয়ে সমস্যা ছিল না। কিছু কাজ শুধু বাকি ছিল। সে সব কাজের অগ্রগতিও সন্তোষজনক।”

টেটলি ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন আইসিসি টুর্নামেন্ট পরিচালক ধীরাজ মালহোত্রা, উপদেষ্টা ভ্যান ভুরেন ইউজিন ও পিচ বিশেষজ্ঞ অ্যান্ডি অ্যাটকিন্স।

বিসিবির অ্যাডহক কমিটির সদস্য মাহবুব আনাম বলেন, “চট্টগ্রাম নিয়ে কোনো শঙ্কা ছিল না। কিছু কাজ শুধু বাকি ছিল। বিশেষ করে মাঠ সংস্কার। এগুলো আমরা নির্দিষ্ট সময়ের আগেই শেষ করেছি। আইসিসির পরিদর্শক দল স্টেডিয়াম দেখে সন্তুষ্ট।”

চট্টগ্রামের ভেন্যু ম্যানেজার ফজলে বারী বলেন, “মাঠের কাজ শেষ। দুটি বিকল্প সাজকক্ষ হয়েছে। এখন কিছু রং এবং অবকাঠামোগত সংস্কারকাজ বাকি। সেগুলোর দরপত্র হয়ে গেছে। দুই-এক মাসের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে।”

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ছাড়াও আইসিসি পরিদর্শক দল স্টেডিয়াম সংলগ্ন মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ এবং এম এ আজিজ স্টেডিয়ামে কাজের অগ্রগতি দেখেন। এই দুটি মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলগুলো অনুশীলন করতে পারে। চট্টগ্রামের পর কক্সবাজারের পর্যটন গলফ মাঠ পরিদর্শন করে প্রতিনিধি দল। এ সময় টেটলি জানান, এই মাঠের কাজের অগ্রগতি দেখে তারা সন্তুষ্ট। ৩০ অক্টোবরের মধ্যে সব কাজ শেষ করা সম্ভব হলে এটি বিশ্বকাপের ভেন্যু হবে। যে গতিতে কাজ চলছে, তাতে যথাসময়ে কাজ শেষ হতে পারে বলেও মনে করেন তিনি। বিসিবির অ্যাডহক কমিটির সদস্য আজম নাছির উদ্দিন জানান, পরিদর্শক দল ভেন্যু পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের অক্টোবরের মধ্যে এ ভেন্যুর কাজ শেষ করার নিশ্চয়তা দেয়া হয়েছে। ১০টি দলের অংশগ্রহণে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু হিসেবে কক্সবাজারকে বেছে নিয়েছে বিসিবি। এই ভেন্যুর বিকল্প হিসেবে বিকেএসপির তিন ও চার নম্বর মাঠকে প্রস্তুত রাখছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।