প্রস্তুতি ম্যাচ খেলতে খুলনায় মুশফিকরা
তিন দিনের প্রস্তুতি ম্যাচে অংশ নিতে খুলনায় পৌঁছেছেন মুশফিক-মাশরাফিরা। মঙ্গলবার দুই দলে ভাগ হয়ে নিউ জিল্যান্ড সিরিজের আগে প্রস্তুতি হিসেবে ম্যাচটি খেলবে ক্রিকেটাররা।
সোমবার সকালে রিজেন্ট এয়ার ওয়েজের একটি ফ্লাইটে যশোর পৌঁছে সেখান থেকে বাসে বেলা সাড়ে ১১টার দিকে ক্রিকেটাররা খুলনা পৌছান। তবে খুলনার এ প্রস্তুতি ম্যাচে নেই সাকিব ও তামিম।
খুলনার ভেন্যু ম্যানেজার আব্দুস সাত্তার কচি জানান, বিসিবি সবুজ ও বিসিবি লাল দলে বিভক্ত হয়ে ক্রিকেটাররা এ ম্যাচ খেলবেন। প্রস্তুতি ম্যাচে প্রতি দলে থাকবেন ১২ জন করে, তবে বোলিং-ব্যাটিং করতে পারবেন সর্বোচ্চ ১১জনই।
বিসিবি লাল দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও বিসিবি সবুজ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলে ফেরা সাকিব আল হাসান ও তামিম ইকবাল ছাড়া জাতীয় দলের নিয়মিত সব খেলোয়াড়ই খেলবেন প্রস্তুতি ম্যাচে।
সাত্তার বলেন, "দীর্ঘদিন খেলা না হওয়ায় প্যাভিলিয়ানের কিছু ত্রুটি ছিলো। সে সব ত্রুটি দূর করা হয়েছে। মাঠকে সম্পূর্ণভাবে খেলার উপযোগী করা হয়েছে। নিউ জিল্যান্ড সফরের আগে ম্যাচটিকে বেশ গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটাররা। কারণ গত প্রায় এক মাসের অনুশীলনের প্রাপ্তি এ ম্যাচেই প্রমাণ করতে চাইবেন তারা।"
মঙ্গলবারের প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে ৮ মাস পর আবার মুখরিত হতে যাচ্ছে খুলনার এই স্টেডিয়াম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচের পরে কোনো খেলা হয়নি এ মাঠে।
১০ সেপ্টেম্বর থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হচ্ছে। তার আগে এই প্রস্তুতি ম্যাচের মাধ্যমে ক্রিকেটারদের বড় দৈর্ঘ্যের ক্রিকেটে পরখ করে নিতে চান নির্বাচকরা।
অক্টোবরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে নিউ জিল্যান্ড।
বাংলাদেশ লাল: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, জহুরুল ইসলাম, মার্শাল আইয়ুব, নাঈম ইসলাম, নাসির হোসেন, শামসুর রহমান, মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, মুক্তার আলী, শফিউল ইসলাম ও সাজেদুল ইসলাম।
বাংলাদেশ সবুজ: মুশফিকুর রহিম (অধিনায়ক), শাহরিয়ার নাফীস, এনামুল হক, মমিনুল হক, রকিবুল হাসান, মেহরাব হোসেন জুনিয়র, জিয়াউর রহমান, সোহাগ গাজী, এনামুল হক জুনিয়র, রবিউল ইসলাম, রুবেল হোসেন ও আল-আমিন হোসেন।
