বিদ্যুৎ বিল নিয়ে ঝামেলায় মিরপুর স্টেডিয়াম
বিল না দেয়ায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ আবার প্রায় এক ঘণ্টার জন্য বিচ্ছিন্ন থাকে।
রোববার দুপুর দুইটায় স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিস, সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ও স্টেডিয়ামের নিচে দোকানগুলোয় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় ইনডোরে কন্ডিশনিং ক্যাম্পের অনুশীলনও বন্ধ আছে।
বিসিবি কর্মকর্তারা জানায়, বকেয়া বিলের কারণে দুপুর দুইটার দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগ। পরে বিসিবি কিছু বিল পরিশোধ করলে সংযোগ আবার দেয়া হয়।
বিদ্যুতের বিল না দেয়ায় এর আগে ৯ জুনও স্টেডিয়ামের বিদ্যুতের কেটে দিয়েছিল বিদ্যুৎ বিভাগ। ফলে ছয় ঘণ্টা বিদ্যুৎহীন ছিলো দেশের ‘হোম অফ ক্রিকেট’ বলে পরিচিত এই স্টেডিয়াম।
স্টেডিয়ামের ৮৬টি দোকান, মসজিদ ও ক্রীড়াপল্লী মিলে আট মাসে প্রায় ৮৫ লাখ টাকার বিল বকেয়া পড়ায় তখন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এসব দোকান ভাড়া দিয়েছে।
স্টেডিয়াম মার্কেটসহ পুরো স্টেডিয়ামের বিদ্যুৎ একটি মিটার থেকে নেয়া। বিসিবির পক্ষ থেকে বেশ কয়েকবার আলাদা মিটার নিয়ে এনএসসির সঙ্গে কয়েকবার আলোচনা করা হলেও তারা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি।
বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এ বিষয়টি যত দ্রুত সম্ভব সুরাহা করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, "সামনে আমাদের দেশে একটি বিশ্বকাপ হতে যাচ্ছে। আইসিসির প্রতিনিধি দল বিভিন্ন সময় বাংলাদেশ সফরে আসছে। সে সময় এভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে আমাদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে।"
