২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকের লক্ষ্য লিগ শিরোপা

গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চতুর্থ হয়েছিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। সেই ব্যর্থতা পেছনে ফেলে এবার শিরোপা জিততে মরিয়া দলটির অধিনায়ক মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 11:38 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

গতবার শেখ জামালের হয়েই চারটি শতক ও ছয়টি অর্ধশতকসহ লিগের সর্বোচ্চ ৯৫১ রান করেছিলেন মুশফিক। সুপার সিক্সে ১১৪, ৫৮, অপরাজিত ৯২, ৯০ ও ৯৩ রানের পাঁচটি অনবদ্য ইনিংস এসেছিল জাতীয় দলের অধিনায়কের ব্যাট থেকে।

বৃহস্পতিবার শেখ জামাল ক্লাবে খেলোয়াড়দের পরিচিতি অনুষ্ঠানে মুশফিক বলেন, “গত মৌসুম ব্যক্তিগতভাবে আমার খুব ভালো কাটলেও দলের জন্য তা ভালো ছিল না। এবার আমাদের লক্ষ্য শিরোপা।”

“ভালো করার সব অস্ত্রই আমাদের দলে রয়েছে। আমাদের ভালো স্থানীয় ক্রিকেটার রয়েছে। এখন কয়েক জন কার‌্যকর বিদেশি খেলোয়াড় আনার চেষ্টা করে হচ্ছে। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে যে কারোরই আমাদেরকে হারানো কঠিন হবে।”

শেখ জামালের ক্রিকেট কমিটির সভাপতি মুশফিকুর রহমান মোহন জানিয়েছেন, জিম্বাবুয়ের এল্টন চিগুম্বুরা ও চার্লস কভেন্ট্রি এবং শ্রীলঙ্কার দিলশান মুনাবীরা পুরো মৌসুমেই তাদের হয়ে খেলবেন। কুমার সাঙ্গাকারাকেও দুটি ম্যাচের জন্য পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। বিপিএলের অভিজ্ঞতা থেকে অনেকেই প্রিমিয়ার ক্রিকেট লিগের টাকা পাওয়া নিয়ে শঙ্কিত। তবে মুশফিকের বিশ্বাস, শেখ জামালের ক্রিকেটারদের টাকা পাওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি যত দূর জানি, আমাদের দলে কারোরই গত মৌসুমের টাকা বকেয়া নেই। আমি গত মৌসুমেও এখানে খেলেছি। সেই অভিজ্ঞতা থেকে জানি, এদের পেমেন্ট পদ্ধতি দারুণ। আশা করি এবারও তা বজায় থাকবে।” শেখ জামালের সভাপতি মঞ্জুর কাদের দলের ক্রিকেটারদের টাকা পরিশোধের ব্যাপারে আশ্বাস দিয়েছেন।