২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ড সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খুলনায়

নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজের আগে খুলনায় একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 05:26 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

ক্রিকেটে পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন, “খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৩ থেকে ৫ সেপ্টেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। নিজেদের মধ্যেই ম্যাচটি খেলবেন তারা।”

এই প্রস্তুতি ম্যাচে খেলবেন দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজা। ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি।

চার বছরের বেশি সময় পরে টেস্টে ফিরতে কঠোর পরিশ্রম করছেন মাশরাফি। গত ফেব্রুয়ারিতে বিপিএলের ফাইনালে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে তিনি।

মাশরাফি জানান, ১১ কেজি ওজন কমিয়েছেন তিনি। কন্ডিশনিং ক্যাম্পের কঠোর অনুশীলনে নিজেকে আসন্ন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করেছেন।

নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরতে পারবেন কি না জানতে চাইলে বলেন, “গত কয়েক বছরের মধ্যে এই মুহূর্তে আমি সবচেয়ে ফিট। টেস্টে খেলতে পারবো কি না বোঝার জন্য কয়েকটি ম্যাচ খেলতে হবে।”

“ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কয়েকটি ম্যাচ খেলবো। তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলবো। এর পর বুঝতে পারবো টেস্টে খেলা সম্ভব হবে কি না।”

মাশরাফিকে নিয়ে আশাবাদী বাংলাদেশের প্রধান কোচ শেন জার্গেনসেন। তিনি বলেন, “মাশরাফি কঠোর পরিশ্রম করছে। প্রতিদিনই একটু করে উন্নতি হচ্ছে। ওর ফেরার ব্যাপারে আমি আশাবাদী।”

নিউ জিল্যান্ডের বিপক্ষে মাশরাফিকে মাঠে দেখতে চান শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফরে তার অভাব অনুভব করা অধিনায়ক মুশফিকুর রহিমও।

অক্টোবরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করবে নিউ জিল্যান্ড।