২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্রিকেটারদের পাওনা নিয়ে শঙ্কা নেই'

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাপ্য টাকা ঠিকমতো পাওয়া নিয়ে খেলোয়াড়রা শঙ্কা প্রকাশ করলেও তা উড়িয়ে দিলেন ঢাকা মহানগর ক্রিকেট কমিটির (সিসিডিএম) সভাপতি জালাল ইউনুস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 05:11 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের ইউনুস বলেন, “প্রিমিয়ার ক্রিকেট লিগ একটি ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। এই লিগে অংশ নেয়া ক্রিকেটারদের টাকা না পাওয়ার কোনো নজির নেই। এবারও তার ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নেই।”

“চুক্তি স্বাক্ষরের সময় ৪০ শতাংশ, লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর ৩০ শতাংশ এবং সুপার লিগ শেষ হওয়ার এক মাসের মধ্যে বাকি ৩০ শতাংশ টাকা পরিশোধ করতে হবে ক্লাবগুলোকে।”
নিলামের মাধ্যমে দলবদলের পর বেশ কয়েকজন ক্রিকেটার প্রিমিয়ার লিগের টাকা পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশের পর এ মন্তব্য করলেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের পাওনা পরিশোধের ব্যাপারে বিসিবি জড়িত খাকলেও প্রিমিয়ার লিগে বিষয়টি পুরোপুরি ক্লাব ও ক্রিকেটারের মধ্যে সীমাবদ্ধ।

প্রিমিয়ার লিগের জন্য এখন পর্যন্ত পাঁচটি ভেন্যু বিবেচনা করেছে বিসিবি। ১৮ সেপ্টেম্বরের পর থেকে খেলা হতে পারে ‘হোম অব ক্রিকেট’ শের-ই-বাংলা স্টেডিয়ামেও।

“ফতুল্লার দুটি মাঠ, বিকেএসপির দুই নম্বর মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এবং রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খেলা হতে পারে। এখনো ভেন্যু ও সময়সূচি ঠিক করা হয়নি।”

বেশ ক’বার লিগ পেছানোর পর ২৫ অগাস্ট দলবদল ও ৩ সেপ্টেম্বর থেকে খেলা শুরুর ঘোষণা দেয় বিসিবি। নির্ধারিত সময়ে দলবদল হলেও দল গুছিয়ে নিতে ক্লাবগুলোর সময় চাওয়ায় আরেক দফা লিগ পেছানো নিশ্চিত। সিসিডিএম সভাপতি জানান, ১০ সেপ্টেম্বরের মধ্যে খেলা শুরু করতে চান তিনি।

ইউনুস জানান, বৃষ্টির কথা চিন্তা করে ‘রিজার্ভ ডে’ রাখা হচ্ছে এবার। যেখানে খেলা শেষ হয়েছিল পরদিন সেখান থেকেই খেলা শুরু হতে পারে।