২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইশুকুরের বাড়িতে হামলা

বগুড়ার তরুণ ব্যাটসম্যান মাইশুকুর রহমানের বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এই ঘটনার পর প্রশাসনের কাছে নিজের এবং পরিবারের নিরাপত্তার আবেদন জানিয়েছেন তিনি।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 08:09 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

হামলার পর মাইশুকুরের মা সৈয়দা মাহমুদা চৌধুরী বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার মাইশুকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “মঙ্গলবার রাত একটার দিকে সন্ত্রাসীরা বগুড়ার নুরানী মোড়ের বাড়িতে হামলা চালায়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই ঘটনায় আমাদের পুরো পরিবার বিপর্যস্ত। আমি নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি।”

এলাকাবাসী জানিয়েছে, দীর্ঘ দিন ধরে ইব্রাহীম হোসেন মাইশুকুরদের বসতবাড়ি দখলের চেষ্টা করে আসছেন। এ নিয়ে দুই পক্ষই আদালতে মামলা দায়ের করেছে। ইব্রাহীম মাইশুকুরের পরিবারকে অনেকবার বসতবাড়ি থেকে উচ্ছেদ করার হুমকিও দিয়েছেন।