২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের সামনে সিরিজ জয়ের হাতছানি

প্রায় ১৫ বছর পর ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে হৈ-চৈ ফেলে দেয়া জিম্বাবুয়ের সামনে এখন দারুণ এক অর্জনের হাতছানি। বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতেও জিতলে সিরিজ জয়ের মধুর স্বাদ পাবে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 06:58 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

গত মাসে ভারতের প্রায় দ্বিতীয় সারির দলের কাছে পাঁচটি ওয়ানডের সবগুলোতে হেরে যাওয়া জিম্বাবুইয়ানরা পাকিস্তানের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তেমন লড়াই করতে পারেনি।

অথচ সেই দলই প্রথম ওয়ানডেতে পুরো শক্তির পাকিস্তানকে সহজেই ৭ উইকেটে হারিয়ে চমকে দিয়েছে ক্রিকেট-দুনিয়াকে।

মঙ্গলবার হারারে স্পোর্টস ক্লাবে শততম ম্যাচ খেলতে নামা স্বাগতিকদের জয় ছিল দলীয় সংহতির ফসল।

টস হেরে ফিল্ডিংয়ে নেমে বোলারদের নৈপুণ্যে প্রতিপক্ষকে ২৪৪ রানে বেঁধে ফেলে জিম্বাবুয়ে। তারপর হ্যামিল্টন মাসাকাদজা (৮৫), ভুসিমুজি সিবান্দা (৫৪), অধিনায়ক ব্রেন্ডন টেইলর (অপরাজিত ৪৩) ও শন উইলিয়ামসের (২৩ বলে অপরাজিত ৩৯) দৃঢ়তাভরা ব্যাটিং ১০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় তাদের।

টেইলর-উইলিয়ামসরা পাকিস্তানের বোলারদের নিয়ে ‘ছেলেখেলা’ করার আগে মাসাকাদজা-সিবান্দার ১০৭ রানের উদ্বোধনী জুটি জয়ের ভিত গড়ে দেয় জিম্বাবুয়ের।

গত ১০ বছরে এটা জিম্বাবুয়ের একাদশ শত রানের উদ্বোধনী জুটি। এর মধ্যে আটটিতেই সঙ্গী ছিলেন স্কুল-জীবন থেকে একসঙ্গে ব্যাট করে নিজেদের মধ্যে দারুণ সমঝোতা গড়ে তোলা মাসাকাদজা ও সিবান্দা।

প্রথম ওয়ানডেতে শহীদ আফ্রিদির ব্যর্থতা ভালোই ভুগিয়েছে পাকিস্তানকে। গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাটসম্যান-বোলার দুই ভূমিকাতেই ঔজ্জ্বল্য ছড়িয়ে পাকিস্তানের সাফল্যে বড় অবদান রেখেছিলেন তিনি।

কিন্তু মঙ্গলবার দুই বিভাগেই আফ্রিদি ব্যর্থ। ১৫ বলে ১১ রান করার পর ৯ ওভার বল করে ৫১ রান দিয়ে কোনো উইকেট পাননি।

দ্বিতীয় ওয়ানডে তাই পাকিস্তানের পাশাপাশি আফ্রিদির জন্যও বড় পরীক্ষা।