২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ বছর পর জিম্বাবুয়ের কাছে পাকিস্তানের হার

প্রায় ১৫ বছর পর ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়েছে জিম্বাবুয়ে। মঙ্গলবার তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের জয়ের ব্যবধান ১-০।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 09:21 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

১৯৯৮ সালের নভেম্বরের পর ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে এটাই পাকিস্তানের প্রথম হার।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে এটা ছিল জিম্বাবুয়ের শততম ম্যাচ।

টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৪৪ রান করে পাকিস্তান।

৮০ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের পর দলকে ২ উইকেটে ১৭৯ রানের দৃঢ় অবস্থানে নিয়ে যান মোহাম্মদ হাফিজ ও অধিনায়ক মিসবাহ-উল-হক।

হাফিজের (৭১ বলে ৭০) সঙ্গে ৯৯ রানের জুটি ভেঙ্গে যাওয়ার পর প্রায় একাই খেলতে হয়েছে মিসবাহকে। ৮৫ বলে ৮৩ রানে অপরাজিত মিসবাহ চেষ্টা করলেও শেষ দিকে দ্রুত উইকেট হারানোয় সংগ্রহ খুব একটা বড় হয়নি অতিথিদের।

জবাবে ৪৮ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

ভুসিমুজি সিবান্দার (৫৪) সঙ্গে ম্যাচ সেরা হ্যামিল্টন মাসাকাদজার ১০৭ রানের উদ্বোধনী জুটি জিম্বাবুয়েকে সহজ জয়ের পথে এগিয়ে নিয়ে যায়।

দলীয় ১৭৬ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১০৪ বলে ৯টি চার ও একটি ছক্কার সাহায্যে ৮৫ রান করেন মাসাকাদজা।

তার বিদায়ের পর টিমাইসেন মারুমা (১৮) ও শন উইলিয়ামসকে (২৩ বলে ৩৯*) সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন অধিনায়ক ব্রেন্ডন টেইলর (৪৩*)।

বৃহস্পতিবার একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৫০ ওভারে ২৪৪/৭ (জামশেদ ২৭, শেহজাদ ২৪, হাফিজ ৭০, মিসবাহ ৮৩*, আমিন ১, আফ্রিদি ১১, সোহেল ২, সরফরাজ ৭, আজমল ৩*; চাতারা ২/৩২, ভিটোরি ২/৪২, উৎসেইয়া ১/৬০)

জিম্বাবুয়ে: ৪৮ ওভার ২ বলে ২৪৬/৩ (মাসাকাদজা ৮৫, সিবান্দা ৫৪, টেইলর ৪৩*, মারুমা ১৮, উইলিয়ামস ৩৯*; আজমল ২/৪৪, জুনায়েদ ১/৫৫)

ম্যাচ সেরা: হ্যামিল্টন মাসাকাদজা।