২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজ তারকাদের বিশ্রাম দিল ইংল্যান্ড

অধিনায়ক অ্যালিস্টার কুকসহ অভিজ্ঞ পাঁচ খেলোয়াড়কে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 05:56 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

কুকের অনুপস্থিতিতে সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ওয়েন মরগান।

অধিনায়কসহ বিশ্রাম পেয়েছেন দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড, ব্যাটসম্যান ইয়ান বেল এবং স্পিনার গ্রায়েম সোয়ান।

ইংল্যান্ডের ৩-০ ব্যবধানের অ্যাশেজ জয়ে দারুণ অবদান রাখেন সর্বোচ্চ ৫৬২ রান সংগ্রহকারী বেল ও সর্বোচ্চ ২৬ উইকেট নেয়া সোয়ান। তাছাড়া ২২টি করে উইকেট নিয়েছেন ব্রড ও অ্যান্ডারসন।

তবে দলে আছেন অ্যাশেজে তৃতীয় সর্বোচ্চ ৩৮৮ রান করা কেভিন পিটারসেন।

Image
বিশ্রাম দেয়া হয়েছে অ্যাশেজ জয়ী অধিনায়ক অ্যালিস্টার কুককে। ছবি: রয়টার্স

বিশ্রাম দেয়া হয়েছে অ্যাশেজ জয়ী অধিনায়ক অ্যালিস্টার কুককে। ছবি: রয়টার্স

অভিজ্ঞদের বিশ্রাম দেওয়ার বিষয়ে ইংল্যান্ডের প্রধান নির্বাচক জিওফ মিলার বলেন, “এই গ্রীষ্মে ব্যস্ত ক্রিকেটসূচির জন্য আমরা কিছু অভিজ্ঞ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে তারা গত তিন মাসের কাজের চাপ কাটিয়ে অস্ট্রেলিয়া সফরের জন্যে প্রস্তুত হতে পারবে। আট সপ্তাহের মধ্যে সফরটি শুরু হবে।”

১৪ সদস্যের এই দলে আন্তর্জাতিক ক্রিকেটের নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ক্রিস জর্ডান ও জেমি ওভারটন। তাছাড়া ওয়ানডেতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন একটি টেস্ট খেলা মাইকেল কারবেরি।

পাঁচটি ওয়ানডে হবে যথাক্রমে ৬, ৮, ১১, ১৪ ও ১৬ সেপ্টেম্বর। তার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলবে ইংল্যান্ড।   

ইংল্যান্ড দল:

ওয়েন মরগান (অধিনায়ক), রবি বোপারা, জস বাটলার, মাইকেল কারবেরি, স্টিভেন ফিন, ক্রিস জর্ডান, জেমি ওভারটন, কেভিন পিটারসেন, বয়েড র‌্যাংকিন, জো রুট, বেন স্টোকস, জেমস ট্রেডওয়েল, জোনাথন ট্রট, লুক রাইট।