২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রডের কাছে ক্ষমা চাইলেন লেম্যান

স্টুয়ার্ট ব্রডকে ‘প্রতারক’ বলার ঘটনায় অবশেষে ভুল স্বীকার করলেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান। তিনি ক্ষমাও চেয়েছেন ইংল্যান্ডের ঐ পেসারের কাছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 02:50 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

লেম্যানের ক্ষমা চাওয়ার কথা টুইটারে জানিয়েছেন ২৭ বছর বয়সী ব্রডই। গত সোমবার টুইটে তিনি লিখেছেন, “ড্যারেন লেম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। অমন মন্তব্য করায় তিনি ক্ষমা চেয়েছেন। তাকে আমি ক্ষমা করেছি।”

ঘটনার উৎস অ্যাশেজের প্রথম টেস্ট। ঐ ম্যাচে স্পিনার অ্যাশটন অ্যাগারের বল ব্রডের ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনের গ্লাভস ছুঁয়ে স্লিপে মাইকেল ক্লার্কের হাতে জমা পড়লেও আম্পায়ার আলিম দার আউট দেননি। ব্রড নিজেও ক্রিজ ছাড়েননি।

আম্পায়ার ব্রডকে আউট না দেয়ায় তখন কিছুই করার ছিল না অস্ট্রেলিয়া দলের। কারণ আগেই দুটি রিভিউ চাওয়া সুযোগ শেষ করে ফেলেছিল তারা।

পরে অস্ট্রেলিয়ার রেডিও নেটওয়ার্ক ট্রিপল এম এ দেয়া এক সাক্ষাতকারে ব্রডকে 'প্রতারক' বলেন অস্ট্রেলিয়া কোচ। ব্রডকে অ্যাশেজের পরবর্তী সিরিজে কাঁদিয়ে ছাড়তে অস্ট্রেলিয়া দলের সমর্থকদের প্রতি আহ্বানও জানান তিনি।

অবশ্য ব্রডের কাছে ক্ষমা পেলেও শাস্তি কিন্তু ঠিকই পেতে হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যানকে। আইসিসির আচরণবিধি ভাঙ্গার দায়ে লেম্যানকে ঐ ম্যাচের ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

পুরনো খবর:

লেম্যানের জরিমানা
ব্রডকে কাঁদাতে চান লেম্যান