২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগ শুরুর তাগিদ মুশফিকের

যত দ্রুত সম্ভব ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর তাগিদ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 04:41 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

সোমবার মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মাঠে মুশফিক বলেন, “আশা করি সবাই লিগকে গুরুত্বের সঙ্গে নেবে। জাতীয় দলের খেলোয়াড়দের জন্য একটি ইতিবাচক ব্যাপার। আমি চাই লিগ তাড়াতাড়ি শুরু হোক যেন আমরা কয়েকটা ম্যাচ খেলতে পারি।”

সোমবার নিলামের মাধ্যমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদল হয়। আগের ঠিকানা শেখ জামাল ধানমণ্ডি ক্লাবেই থাকছেন মুশফিকুর রহিম।

তিনি বলেন, “প্রিমিয়ার লিগ বাংলাদেশের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ; এখানে খেলার মান বেশ উঁচু। এখানে ভালো করলে তা যে কোনো প্রতিযোগিতায় আপনাকে ভালো করার আত্মবিশ্বাস যোগাবে। আমরা কঠোর অনুশীলন করে নিজেদের প্রস্তুত করেছি, এর সঙ্গে এবার ম্যাচ অনুশীলনও হয়ে যাবে।”

নিলাম তথা লটারির মাধ্যমে দলবদলে নিজেদের অসন্তুষ্টির কথা আগেই জানিয়েছিলেন ক্রিকেটাররা। শেষ পর্যন্ত এক মৌসুমের জন্য এই পদ্ধতিতে রাজি হন তারা।

এ প্রসঙ্গে মুশফিক বলেন, “নিলাম পদ্ধতিতে ব্যক্তিগতভাবে কোনো খেলোয়াড়ই খুশি না। এতে খেলোয়াড়ের দল বাছাইয়ের কোনো স্বাধীনতা থাকে না। বোর্ড আমাদের কথা দিয়েছে এভাবে দলবদল কেবল এ বছরই হবে।”

মুশফিক মনে করেন, বেশ কিছু বড় দল ভারসামূপূর্ণ দল গড়তে না পারলেও কয়েকটি দল ভারাসাম্যপূর্ণ দল গড়েছে।

“আমি গতবছর শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে খেলেছি। ব্যক্তিগতভাবে সে বছর ভালো করেছি। এ বছরও এটা ধরে রাখার চেষ্টা করবো। গত বছরের চেয়ে এবার আরো বেশি অভিজ্ঞ খেলোয়াড় পেয়েছি, এখন মাঠে নিজেদের খেলাটা খেলতে পারলেই হয়,”

গত মৌসুমে চারটি শতক ও ছয়টি অর্ধশতকসহ লিগের সর্বোচ্চ ৯৫১ রান করেছিলেন মুশফিক। সুপার সিক্সের পাঁচ ম্যাচে তার স্কোর ছিল ১১৪, ৫৮, ৯২*, ৯০ ও ৯৩।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজে দেশসেরা পেসারকে দলে চান বাংলাদেশ অধিনায়ক। শেষ দুই সিরিজে মাশরাফি বিন মুর্তজার অভাব অনুভব করেছেন তিনি।

“মাশরাফি ভাই সবার জন্য আদর্শ, তিনি সব সময় নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেন। তিনি কঠোর পরিশ্রম করছেন। প্রিমিয়ার লিগ তার জন্য একটা ভালো সুযোগ। আশাকরি তিনি লিগে খেলবেন। এই সিরিজেই তাকে আমাদের দলে দরকার।”

অক্টোবরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করবে নিউ জিল্যান্ড।

পুরনো খবর:

নতুন ঠিকানায় সাকিব ও তামিম, মুশফিক শেখ জামালেই