মাশরাফিদের জন্য সুখবর
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদলে নিলাম পদ্ধতি চালু হওয়ায় এবার দল পেতে পেসারদের কোনো সমস্যা হবে না।
রোববার রুপসী বাংলা হোটেলে বেলা তিনটা থেকে নিলাম শুরু হবে। প্রতিটি শ্রেণীতে আলাদা ভাবে লটারি করা হবে।
নিলামের জন্য সাতটি শ্রেণী তৈরি করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ‘এ+’, ‘এ’, ‘বি+’, ‘বি’, সি’, ‘ডি’, ও ‘ই’। প্রথম ও শেষটি ছাড়া বাকি পাঁচটি শ্রেণীতে থাকা ১৩২ জনের দল পাওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য মাহবুব আনাম জানান, “‘এ’ থেকে ‘ডি’ এই পাঁচটি শ্রেণীর প্রত্যেক ক্রিকেটার দল পাবেন। লিগে অংশ নেয়া ১২টি দলকে এই পাঁচ শ্রেণী থেকে ১১ জন করে ক্রিকেটার নিতেই হবে। তাই কারোরই দল পাওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।”
‘এ+’ শ্রেণীতে আছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও নাসির হোসেন। তারা পাবেন ২২ লাখ টাকা করে।
‘এ’ শ্রেণীতে ১২ ক্রিকেটার ১৫ লাখ, ‘বি+’ শ্রেণীতে ২৪ ক্রিকেটার ১০ লাখ, ‘বি’ শ্রেণীতে ৩৬ ক্রিকেটার ৮ লাখ, ‘সি’ শ্রেণীতে ২৪ ক্রিকেটার ৫ লাখ এবং ‘ডি’ শ্রেণীতে ৩৬ ক্রিকেটার আড়াই লাখ টাকা করে পাবেন।
‘ই’ শ্রেণীর ৫৩ ক্রিকেটারের মূল্যমান এক লাখ টাকা করে। এই শ্রেণী থেকে চারজন ক্রিকেটার নেয়া যাবে।
