২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে নাজমুল হাসানের ‘সমর্থন’ প্রাপ্তি

বোর্ডের নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ৩২ জন সাধারণ সম্পাদকের সমর্থন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 08:02 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি অ্যাডহক কমিটির সঙ্গে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, “মতবিনিময় সভায় চারটি বিভাগ ও ২৮টি জেলার সাধারণ সম্পাদকসহ ৪৯টি জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সবাই বিসিবি নির্বাচনে নাজমুল হাসানকে সমর্থন দেয়ার অঙ্গীকার করেছেন।”

বিসিবি নির্বাচনে নাজমুল হাসানকে সমর্থন না দেয়া নিয়ে ফোরাম নেতাদের বক্তব্যের তীব্র সমালোচনাও করেন আজম নাছির উদ্দিন। বিসিবির অ্যাডহক কমিটির এই সদস্য বলেন, “এ ধরনের বক্তব্য দেয়ার কোনো এখতিয়ার তাদের নেই। ফোরামের কোনো সভায় এ সিদ্ধান্ত হয়নি। এটা তাদের ব্যক্তিগত বক্তব্য।”

“ফোরাম তার লক্ষ্য-উদ্দেশ্য থেকে দূরে সরে এসে এখন নির্বাচন কেন্দ্রিক হয়ে গেছে। ক্রীড়া উন্নয়নে তাদের কোনো পরিকল্পনা বা পদক্ষেপ লক্ষ্য করা যায় না। ফোরামের সভায় বিভিন্ন জেলা ও বিভাগের প্রতিনিধিরা পর্যন্ত এর কর্মকাণ্ড নিয়ে আপত্তি তুলেছিল।”

এদিকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের তাগিদ দিয়েছেন বিসিবির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু। ঢাকা জেলা ক্রীড়া সংস্থার এই সহ-সভাপতি বলেন, “কাউন্সিলর করা নিয়ে ওরা (ফোরাম) ভুল তথ্য দিচ্ছে। ওরা চেষ্টা করছে জেলা প্রশাসকদের অনুরোধ করে কাউন্সিলর হতে।

“আমি চাই সংগঠক ও খেলোয়াড়রা বিসিবির নেতৃত্বে আসুক। আমার মনে হয় জেলা ও ক্লাবগুলোর মধ্যে সংঘর্ষ হওয়ার মতো কিছু থাকা উচিৎ নয়।”