আমিরাতের কাছেও হারলো বাংলাদেশ
এসিসি ইমার্জিং টিম কাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়লো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বৃহস্পতিবার আরব আমিরাতের কাছে ৫৯ রানে হেরেছে তারা।
এর আগে ‘বি’ গ্রুপের সঙ্গী শ্রীলঙ্কা অনুর্ধ্ব-২৩ দলের কাছে ৬২ রানে হেরেছিল বাংলাদেশের যুবারা। সিঙ্গাপুরে অনুষ্ঠানরত এই টুর্নামেন্টে সিঙ্গাপুরের বিপক্ষে একমাত্র জয়টি পেয়েছিল বাংলাদেশ।
পাদাংয়ে টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল হাসান। ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান শাইমান আনোয়ারের শতকের সুবাদে আট উইকেটে ২০২ রান করে আমিরাত। ১৩৫ বলে নয়টি চারের সুবাদে ১০০ রান করেন আনোয়ার।
১০ ওভার বল করে ৩১ রানের বিনিময়ে তিন উইকেট নেন স্পিনার নুর হোসেন।
জবাবে খেলতে নেমে মাইসুকুর ও সৌম্য সরকারের দৃঢ়তায় একপর্যায়ে তিন উইকেটে ১৩৩ রানে পৌঁছে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল বাংলাদেশ। কিন্তু এরপর ১০ রানের মধ্যে শেষ সাতটি উইকেট হারায় তারা।
ব্যক্তিগত সর্বোচ্চ ৩৪রান করেন মাইসুকুর। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন সৌম্য সরকার।
সাত ওভারে ১৭ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেন আমিরাতের স্পিনার নাসির আজিজ।
এ ম্যাচ জিতে আগেই সেমিফাইনালে ওঠা শ্রীলঙ্কার সঙ্গী হলো আরব আমিরাত।
সংক্ষিপ্ত স্কোর:
আরব আমিরাত: ৫০ ওভারে আট উইকেটে ২০২ ( আমজাদ ১৩, শাইমান ১০০, পাতিল ১৮, সাকিব ৮, রোহান ০, সেঠি ১, রাজা ২৪, নাসির ১৭*, নাভিদ ৩, সিলভা ২*; নুর ৩/৩১, আসিফ ২/১৯, সৌম্য ১/৫, নাজমুল ১/৩২, মাহমুদুল ১/৩৫)।
বাংলাদেশ: ৪১ ওভারে ১৪৩ (সৌম্য ৩০, রনি ২১, মাউসুকর ৩৪, মিথুন ১৫, আসিফ ১৮, সাব্বির ৫*, মাহমুদুল ২, নুর ২, নাজমুল ০, তাইজুল ১, আবু জায়েদ ০; নাসির ৫/১৭, আহমেদ ৩/২২, নাভিদ ১/১৮)
