২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার কাছে হারলো অনূর্ধ্ব-২৩ দল

এসিসি ইমার্জিং টিম কাপে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৬২ রানে হেরেছে বাংলাদেশের যুবারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 03:31 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

রোববার ‘বি’ গ্রুপের খেলায় পাদাংয়ে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৫৯ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৪৭ ওভার ৪ বলে ১৯৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। তৃতীয় উইকেটে লিটন দাশের (৩৯) সঙ্গে রনি তালুকদারের (৫৬) ৭৪ রানের জুটি স্বস্তি ফেরায় বাংলাদেশ শিবিরে।

কিন্তু ১৪ রানের ব্যবধানে দুজনই রান আউট হয়ে গেলে দিক হারায় বাংলাদেশ। এরপর আসিফ আহমেদ (৩৬) চেষ্টা করলেও আর খেলায় ফিরতে পারেনি তারা।

২০ রানে ৫ উইকেট নিয়ে চরিথ জয়াম্পতি শ্রীলঙ্কার সেরা বোলার।

এর আগে উদারা জয়াসুন্দরার (৭০) সঙ্গে শিহান জয়াসুরিয়ার (৮৫) ১৫৭ রানের জুটি শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

২ রানের ব্যবধানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও দানুশকা গুনাথিলাকা (২৯*), চতুরঙ্গ কুমারা (২১) দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন।
বাংলাদেশের পক্ষে সাব্বির রহমান ৪৪ রানে ৩ উইকেট নেন।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ।

‘এ’ গ্রুপের খেলায় পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ৩ উইকেটে হারিয়েছে ভারত অনূর্ধ্ব-২৩ দল।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩: ২৫৯/৬ (জয়াসুন্দরা ৭০, জয়াসুরিয়া ৮৫, ডিকওয়েল্লা ৮, মেন্ডিস ১৮, ভিথানাগে ৭, গুনাথিলাকা ২৯*, কুমারা ২১, জয়াম্পতি ১৫*; সাব্বির ৩/৪৪, নুর ২/৩০)

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ৪৭.৪ ওভারে ১৯৭ (সৌম্য ০, রনি ৫৬, মিথুন ৫, লিটন ৩৯, সাব্বির ১৪, মাহমুদুল ২১, আসিফ ৩৬, আরিফুল ৫, নুর ৩, দেওয়ান ৫*, তাইজুল ০; জয়াম্পতি ৫/২০, জয়াসুন্দরা ২/৪৭, জয়ারত্নে ১/৩৬)