ওভালে ওয়াটসনের দিন
মাত্র ২৪ রানের জন্য দ্বি-শতকের দেখা পাননি। তবে শেন ওয়াটসনের দারুণ এক শতকে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টের শুরুতে স্বস্তিতে অস্ট্রেলিয়া। বুধবার প্রথম দিন শেষে অতিথিদের সংগ্রহ ৪ উইকেটে ৩০৭ রান।
৩-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড টানা তৃতীয় অ্যাশেজ জয় নিশ্চিত করায় এই ম্যাচের অবশ্য তেমন গুরুত্ব নেই।
টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে দিনের পঞ্চম ওভারেই বড় এক ধাক্কা দেন জেমস অ্যান্ডারসন, ডেভিড ওয়ার্নারকে (৬) উইকেটরক্ষক ম্যাট প্রায়রের তালুবন্দী করে।
তবে ক্রিস রজার্সের সঙ্গে ওয়াটসনের ১০৭ রানের দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় অতিথিরা। কিন্তু মধ্যাহ্ন-বিরতির পর ২৬ রানের ব্যবধানে রজার্স (২৩) ও অধিনায়ক মাইকেল ক্লার্কের (৭) বিদায় আবার চাপের মধ্যে ফেলে ফেলে দেয় অস্ট্রেলীয়দের।
রজার্সকে জোনাথন ট্রটের ক্যাচে পরিণত করেন গ্রায়েম সোয়ান, আর অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে যান ক্লার্ক।
ক্লার্ককে আউট করে বব উইলিসকে পেছনে ফেলে টেস্টে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অ্যান্ডারসন। তার উইকেট-সংখ্যা ৩২৬। ৩৮৮ উইকেট নিয়ে সামনে আছেন শুধু সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ইয়ান বোথাম।
১৪৪ রানে তৃতীয় উইকেট হারানোর পর ওয়াটসন ও স্টিভেন স্মিথের ৪৪ ওভার ২ বলে গড়া ১৪৫ রানের জুটি অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছে।
ব্যক্তিগত ৯১ রানে স্টুয়ার্ট ব্রডের বলে হেলমেটে আঘাত পেলেও অ্যাশেজে প্রথম এবং টেস্টে তৃতীয় শতক পেতে ভুল হয়নি ওয়াটসনের। নব্বইয়ের ঘরে ৪১ মিনিট কাটানোর পর অ্যান্ডারসনের বলে তিন রান নিয়ে প্রায় তিন বছর পর টেস্টে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি।
