শিগগিরই ক্রিকেটে ফিরতে চান নিষিদ্ধ রাইডার
ডোপ টেস্টে ধরা খেয়ে ছয় মাসের জন্য নিষিদ্ধ নিউ জিল্যান্ড ব্যাটসম্যান জেসি রাইডার দ্রুত দলে ফিরতে চান।
নিউ জিল্যান্ড স্পোর্টস ট্রাইব্যুনাল রাইডারকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করলেও এর মেয়াদ শুরু হয় ১৯ এপ্রিল। সে হিসেবে আগামী ১৯ অক্টোবর থেকে রাজ্য দল ওটেগোর হয়ে ক্রিকেট খেলতে পারবেন তিনি।
গত মার্চে ওয়েলিংটনে ঘরোয়া ম্যাচ খেলার সময় তার শরীর থেকে নেয়া নমুনায় ধরা পড়ে যে তিনি নিষিদ্ধ উপাদান নিয়েছেন।
রাইডারকে এ ঘটনা জানানো হয় ১২ এপ্রিল। এ মাসের শুরুতে নিউ জিল্যান্ড স্পোর্টস ট্রাইব্যুনালে শুনানি শেষে নিষিদ্ধের এ শাস্তি আসে।
কখনোই নিষিদ্ধ কোনো ড্রাগ নেননি দাবি করলেও রাইডার ট্রাইব্যুনালের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নেন।
ড্রাগ টেস্টে ধরা পড়ার জন্য নিজেকেই দায়ী করছেন রাইডার।
"এটা আমারই দোষ। কারণ আমি ওজন কমানোর ওষুধ খাওয়ার আগে তাতে নিষিদ্ধ উপাদান আছে কিনা তা জানতে ড্রাগ ফ্রি স্পোর্টস নিউ জিল্যান্ডের সঙ্গে যোগাযোগ করিনি।"
তবে কম শাস্তি পাওয়ায় হাফ ছেড়ে বেঁচেছেন উদ্বোধনী এই ব্যাটসম্যান, "ডোপ টেস্টে ব্যর্থ হলে দুই বছর শাস্তি হওয়ার কথা, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি ছয় মাসের সাজা পাওয়ায়।"
রাইডার ওজন কমাতে দিয়ে নিষিদ্ধ উপাদান নিয়েছেন দেখে কর্তৃপক্ষ তাকে অপেক্ষাকৃত লঘু দন্ড দেয় রাউডারকে।
গত মার্চে ক্রাইস্টচার্চের একটি পানশালার সামনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত রাইডার সুস্থ হওয়ার পর মাঠে ফেরার অপেক্ষায় দিন গুনছিলেন।
১৮ টেস্টে ৪০.৯৩ গড়ে ১ হাজার ২৬৯ রান এবং ৩৯ ওয়ানডেতে ৩৪.৩৭ গড়ে ১ হাজার ১০০ রান করেছেন রাইডার।
