ডোপ টেস্টে ধরা খেয়ে ৬ মাস নিষিদ্ধ রাইডার
ডোপ পরীক্ষায় ধরা পড়ায় নিউ জিল্যান্ড ব্যাটসম্যান জেসি রাইডারকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
গত মার্চে ওয়েলিংটনে ঘরোয়া ম্যাচ খেলার সময় তার শরীর থেকে নেয়া নমুনায় ধরা পড়ে যে তিনি নিষিদ্ধ উপাদান নিয়েছেন।
রাইডারকে এ ঘটনা জানানো হয় ১২ এপ্রিল। এ মাসের শুরুতে নিউ জিল্যান্ড স্পোর্টস ট্রাইব্যুনালে শুনানি শেষে নিষিদ্ধের এ শাস্তি আসে।
রাইডার ট্রাইব্যুনালের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন না বলে জানিয়েছেন।
নিউ জিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোশিয়েশনের মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ২৯ বছর বয়স্ক রাইডার বলেন, "আমি কখনই নিষিদ্ধ কোনো ড্রাগ নেইনি। ওজন কমানোর জন্য অনুশীলন কর্মসূচির অংশ হিসেবে আমি কিছু ওষুধ খেয়েছি।"
নিউ জিল্যান্ডের ক্রীড়াঙ্গনকে ড্রাগমুক্ত রাখার প্রতি সমর্থন ব্যক্ত করে রাইডার বলেন, "সবাই জানেন, অ্যালকোহল ছাড়ার জন্য আমি লড়াই করছি। বিনোদনের জন্যই হোক অথবা পারফরমেন্স বাড়ানোর জন্যই হোক আমি সব ধরনের ড্রাগ ব্যবহার ঘৃণা করি।"
গত মার্চে ক্রাইস্টচার্চের একটি পানশালার সামনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত রাইডার সুস্থ হওয়ার পর মাঠে ফেরার অপেক্ষায় দিন গুনছিলেন।
১৮ টেস্টে ৪০.৯৩ গড়ে ১ হাজার ২৬৯ রান এবং ৩৯ ওয়ানডেতে ৩৪.৩৭ গড়ে ১ হাজার ১০০ রান করেছেন রাইডার।
