২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিসিবির কাছেও ক্ষমা চাইলেন আসিফ

কয়েক দিন আগে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে লিখিতভাবে তা জানিয়ে ক্ষমা চেয়েছেন পেসার মোহাম্মদ আসিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 10:20 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

সোমবার পিসিবির শৃঙ্খলা রক্ষা ও দুর্নীতি বিরোধী বিভাগের সঙ্গে আড়াই ঘন্টার আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন পাঁচ বছরের জন্য নিষিদ্ধ আসিফ।

নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য আইসিসি নির্দেশিত পুনর্বাসন প্রক্রিয়ায় এটা অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ।

আসিফ বলেন, “(পুনর্বাসন প্রক্রিয়ায়) এটা আমার প্রথম ধাপ। আমরা আরো অনেক মিটিং করবো।”

“এটা শুরু মাত্র। আমি আইসিসি নির্দেশিত পুনর্বাসন প্রক্রিয়া অনুসরণ করছি। পিসিবির সঙ্গে আরো অনেক কাজ করবো। মানুষের কাছে এরই মধ্যে আমি ক্ষমা চেয়েছি। লিখিতভাবেও আজ ক্ষমা চাইলাম।”

২০১০ সালে লর্ডস টেস্টে ইচ্ছাকৃতভাবে ‘নো’ বল করার অপরাধে আসিফ এবং তার দুই সতীর্থ পেসার মোহাম্মদ আমির এবং পাকিস্তানের সে সময়ের অধিনায়ক সালমান বাটকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে আইসিসি।

বৃটেনের মাটিতে দুর্নীতির অপরাধে কারাগারেও যেতে হয় আসিফ ও সালমানকে। তবে বয়স কম হওয়ায় আমিরকে পাঠানো হয় কিশোর সংশোধন কেন্দ্রে।