শেষ প্রস্তুতি ম্যাচেও ‘এ’ দলের হার
এনামুল হক শতক করলেও ইংল্যান্ড সফরে শেষ প্রস্তুতি ম্যাচে ওরস্টারশায়ারের কাছে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল।
শুক্রবার ইংল্যান্ডের কাউন্টি দলটির কাছে বাংলাদেশের দ্বিতীয় সেরা দল ৬ উইকেটে হার মেনেছে।
ওরস্টারশায়ারের নিউ রোডের কাউন্টি গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৭৪ রান করে ‘এ’ দল। জবাবে ৪৭ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল।
শামসুর রহমানের (২২) সঙ্গে ৭৭ রানের উদ্বোধনী জুটির পর তৃতীয় উইকেটে মমিনুল হকের সঙ্গে ৯৬ রানের আরেকটি ভালো জুটি গড়ে ‘এ’ দলকে ২ উইকেটে ১৯৮ রানে পৌঁছে দেন এনামুল (১১০)। এনামুলের ১২২ বলের ইনিংসে ৮টি চার ও ৩টি ছক্কা।
দলীয় ২৩২ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৬০ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৬৪ রান করেন মমিনুল। এরপর নাঈম ইসলাম (৪৭*) ছাড়া আর কেউ জ্বলে উঠতে পারেননি।
৩৫ রানে ৩ উইকেট নিয়ে ওরস্টাশায়ারের সেরা বোলার শাইখ চৌধুরী।
জবাবে টম কোহলার-ক্যাডমোরের (৪৭) সঙ্গে ৯৭ ও আলেক্সি কারভেজ্জিকে (৪৫) নিয়ে ৯২ রানের দুটি দারুণ জুটি গড়ে স্বাগতিকদের সহজ জয়ের পথে এগিয়ে দেন অধিনায়ক ড্যারিল মিচেল।
দলীয় ২১৪ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১০২ বলে ৯টি চার ও একটি ছক্কায় ১০১ রান করেন তিনি। মিচেলের বিদায়ের পর ওরস্টারশায়ারকে লক্ষ্যে পৌঁছে দেন টম ফেল (৪২*) ও জো লিচ (২১*)।
‘এ’ দলের পক্ষে সোহাগ গাজী ৫৬ রানে ২ উইকেট নেন।
মঙ্গলবার ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংল্যান্ড লায়ন্সের মুখোমুখি হবে ‘এ’ দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’: ৫০ ওভারে ২৭৪/৮ (এনামুল ১১০, শামসুর ২২, জহুরুল ৯, মমিনুল ৬৪, নাঈম ৪৭*, জিয়া ২, মার্শাল ১, সোহাগ ০, রবিউল ৭, সানি ২*; শাইখ ৩/৩৫, মরিস ২/৭১, মিচেল ১/১৬, লিচ ১/৪৫, সিজফোর্ড ১/৪৮)
ওরস্টারশায়ার: ৪৭.৩ ওভারে ২৭৫/৪ (কোহলার-ক্যাডমোর ৪৭, মিচেল ১০১, কারভেজ্জি ৪৫, ফেল ৪২*, হোয়াইটলি ৭, লিচ ২১*; সোহাগ ২/৫৬, সানি ১/৪৭)
