২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্তে সন্তুষ্ট রিচার্ডসন

দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের (আকসু) তদন্তে সন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 08:14 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

মঙ্গলবার বিকালে হোটেল রেডিসনে আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে রিচার্ডসন বলেন, “এটি একটি অনন্য নজির। এই প্রথম নিজস্ব তদন্তে কাউকে আইনের আওতায় আনলো আকসু।”

“এর আগে পাকিস্তানের ক্রিকেটারদের স্পট ফিক্সিংয়ের ঘটনা তদন্ত করেছিল আকসু। এবার সম্পূর্ণ নিজস্ব তদন্তে নয় জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে তারা।”

আইসিসির প্রধান নির্বাহী জানান, ক্রিকেটে দুর্নীতি কোনো একক দেশের নয়, এটা বৈশ্বিক সমস্যা। ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে আকসুর বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, “গড়াপেটার ব্যাপারে ক্রিকেটারদের জানানো, খেলার সঙ্গে জড়িত থাকা প্রত্যেকের ব্যাপারে তথ্য রাখা, সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে সতর্ক থাকা, বাজিকরদের ব্যাপারে তথ্য রাখা, তারা কখন কোথায় যাচ্ছে তার তথ্য রাখা এবং ক্রিকেটারদের তাদের ব্যাপারে সতর্ক করে দেয়ার মতো কাজগুলো করে থাকে আকসু।”

“কেউ এসব না মানলে কী হতে পারে তার একটা উদাহরণ হয়ে থাকবে এই ঘটনা। বিপিএলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে হাতে-গোনা কয়েক জন গড়াপেটার সঙ্গে জড়িত। যারা জড়িত নন তাদের জন্য এই ঘটনা শিক্ষণীয় হয়ে থাকবে।”

ক্রিকেটে দুর্নীতি নিয়ে সংবাদমাধ্যমের প্রতিটি খবর নিজস্ব পদ্ধতিতে তদন্ত করে দেখে আকসু। দিন-দিন সংস্থাটির সক্ষমতা বৃদ্ধির কথা জানিয়ে রিচার্ডসন বলেন, “আকসুর প্রচুর ‘সোর্স’ রয়েছে, তাদের কাছ থেকে ওরা তথ্য সংগ্রহ করে। গণমাধ্যমে আসা দুর্নীতির প্রতিটি অভিযোগ তদন্ত করে দেখে ওরা। আর এই তদন্তের সময় ওরা খুব আগ্রাসীও থাকে।”