বেলের শতকে লড়াইয়ে ইংল্যান্ড
প্রথম ইনিংসে ৩২ রানে পিছিয়ে থাকলেও ইয়ান বেলের শতকে চতুর্থ টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। রোববার ৫ উইকেটে ২৩৪ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা স্বাগতিকরা অস্ট্রেলিয়ার চেয়ে ২০২ রানে এগিয়ে আছে।
হাতে ৫ উইকেট নিয়ে মাত্র ১৬ রানে পিছিয়ে – ডারহ্যামের চেস্টার-লি-স্ট্রিটে দিনের শুরুতে বড় লিড নেয়ার স্বপ্ন নিয়ে দেখছিল অস্ট্রেলিয়া। কিন্তু গ্রায়েম সোয়ামের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে সেই স্বপ্ন ভেঙ্গে গেছে অতিথিদের।
দিনের সপ্তম বলেই ব্র্যাড হ্যাডিনকে (১৩) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সোয়ান। চার ওভার পর এই অফস্পিনারের আরো বড় আঘাত – ১০১ রান নিয়ে ব্যাট করতে নামা ক্রিস রজার্সকে অসাধারণ দক্ষতায় গ্লাভসবন্দী করেন ম্যাট প্রায়র।
রোববার ৯ রানের বেশি করতে পারেননি রজার্স। তার উইকেটটি অস্ট্রেলিয়ার বিপক্ষে সোয়ানের ৫০তম।
রজার্সের বিদায়ে ৭ উইকেটে ২৩৩ রানে পরিণত অস্ট্রেলিয়াকে ২৭০ পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্ব ২৮ রান করা রায়ান হ্যারিসের। তাকে এলবিডব্লিউ করে নবম বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হ্যারিসের তোপে ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ইংল্যান্ড। অধিনায়ক অ্যালিস্টার কুক ও জোনাথন ট্রটকে কট বিহাইন্ড করেন হ্যারিস, আর জো রুটকে বোল্ড।
চতুর্থ উইকেটে কেভিন পিটারসেনকে (৪৪) নিয়ে ১০৬ রানের জুটি গড়ে স্বাগতিকদের সাজঘরে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসেন বেল। এরপর জনি বেয়ারস্টোর (২৮) সঙ্গে ৬৬ রানের আরেকটি ভালো জুটি গড়েন তিনি।
২০তম টেস্ট শতকের দেখা পাওয়া বেল ১০৫ রানে অপরাজিত। ১৮৯ বলের দৃঢ়তাভরা ইনিংসটিতে ১০টি চার।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২৩৮ (কুক ৫১, ট্রট ৪৯; লিয়ন ৪/৪২) ও ২৩৪/৫ (কুক ২২, রুট ২, ট্রট ২৩, পিটারসেন ৪৪, বেল ১০৫*, বেয়ারস্টো ২৮, ব্রেসনান ৪*; হ্যারিস ৩/৭৪, লিয়ন ২/৪৬)
অস্ট্রেলিয়া: ২৭০ (রজার্স ১১০, ওয়ার্নার ৩, খাজা ০, ক্লার্ক ৬, স্মিথ ১৭, ওয়াটসন ৬৮, হ্যাডিন ১৩, সিডল ৫, হ্যারিস ২৮, লিয়ন ৪, বার্ড ০*; ব্রড ৫/৭১, সোয়ান ২/৪৮, অ্যান্ডারসন ২/৬৫, ব্রেসনান ১/৬৩)
