২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হার দিয়ে শুরু ‘এ’ দলের

ইংল্যান্ড সফরে প্রথম ম্যাচেই পরাজিত বাংলাদেশ ‘এ’ দল। তবে ইংলিশ কাউন্টির দল হ্যাম্পশায়ারের সঙ্গে লড়াই করে ৮ রানে হার মেনেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 11:30 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

শুক্রবার ‘এ’ দলের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ইংলিশ কাউন্টির আরেক দল ইয়র্কশায়ার।

মঙ্গলবার সাউদাম্পটনের রোজ বৌ্লে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ১ বলে ২২৩ রানে অলআউট হয়ে যায় হ্যাম্পশায়ার। জবাবে পুরো ৫০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ২১৫ রানের বেশি করতে পারেনি ‘এ’ দল।

লক্ষ্য তাড়া করতে নেমে ৩২তম ওভারে ৯৯ রানে ৭ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় ‘এ’ দল।

তবে মার্শাল আইয়ুবের (৩৯) সঙ্গে ইলিয়াস সানির ৪২ রানের জুটি এবং শেষ উইকেটে মাত্র ৩৫ বলে সানি ও রবিউল ইসলামের ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি আশা জাগিয়েছিল। কিন্তু ৮ রানের ব্যবধান ঘোচেনি। ৪৫ রানে অপরাজিত থাকেন সানি। তার ৫৯ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা। শেষ ব্যাটসম্যান রবিউলের ১৯ বলে অপরাজিত ৩৪ রানের ঝড়ো ইনিংসে ছিল পাঁচটি বিশাল ছক্কা। ৪৭তম ওভারে জ্যাক শেপার্ড এবং পরের ওভারে জশ ডেভিকে পর-পর দুই বলে দুটো করে ছক্কা হাঁকান রবিউল। ৪৯তম ওভারে হামজা রিয়াজুদ্দিনের বলেও একটি ছক্কা আসে তার ব্যাট থেকে। ১১ রানে ৩ উইকেট নিয়ে লিয়াম ডসন হ্যাম্পশায়ারের সেরা বোলার। এর আগে মাইকেল রবার্টস ও দিমিত্রি মাসকারেনহাসের (দুজনই ৩৫ রান) দৃঢ়তায় ৪ উইকেটে ১২৩ রানের পৌঁছে যাওয়া হ্যাম্পশায়ার বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল। তবে এরপর ডসন ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি। শেষ ওভারে শেষ ব্যাটসম্যান হিসাবে আউট হওয়া ডসন মাত্র তিন রানের জন্য শতকের দেখা পাননি। তার ৮৭ বল স্থায়ী ৯৭ রানের দায়িত্বশীল ইনিংসে ১১টি চার ও তিনটি ছক্কা। ‘এ’ দলের পক্ষে সোহাগ গাজী, রুবেল হোসেন ও ফরহাদ রেজা দুটি করে উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর: হ্যাম্পশায়ার: ৪৯.১ ওভারে ২২৩ (রবার্টস ৩৫, টেরি ২, লন্ডন ৬, মাসকারেনহাস ৩৫, ডেভি ১৯, ডসন ৯৭, রোস ৭, রিয়াজুদ্দিন ১, কিং ৮, শেপার্ড ০, টেইলর ২*; সোহাগ ২/৩১, রুবেল ২/৪০, রেজা ২/৫২, মমিনুল ১/৬, সানি ১/৪২, রবিউল ১/৪৫) বাংলাদেশ ‘এ’: ৫০ ওভারে ২১৫/৯ (এনামুল ১৮, ইমরুল ৬, জহুরুল ১, মমিনুল ২৮, নাঈম ১৩, মার্শাল ৩৯, রেজা ৪, সোহাগ ৫, সানি ৪৫*, রুবেল ৪, রবিউল ৩৪*; ডসন ৩/১১, টেইলর ২/২৩, শেপার্ড ২/৪৯, রিয়াজুদ্দিন ১/৪৬, ডেভি ১/৬২)