শ্রীলঙ্কার সান্ত্বনার জয়
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। তবে প্রথম দুই ম্যাচ জয়ের সুবাদে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকানরা।
সান্ত্বনার জয় হলেও একটা লাভ হয়েছে শ্রীলঙ্কানদের। এই জয়ের সুবাদে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে তারা।
মঙ্গলবার হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৬৩ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৮ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল।
ম্যাচের প্রথম বলেই হেনরি ডেভিডস বিদায় নিলেও কুইন্টন ডি ককের (১৬) সঙ্গে অধিনায়ক ফাফ দু প্লেসির ৪৫ রানের জুটি ঘুরে দাঁড়াতে সাহায্য করে অতিথিদের।
এরপর জেপি ডুমিনির (৩৪ বলে অপরাজিত ৫১) সঙ্গে দু প্লেসির মাত্র ৭৩ বলে ১১২ রানের দারুণ জুটি লড়াই করার মতো সংগ্রহ এনে দক্ষিণ আফ্রিকাকে। দু প্লেসির ৬৫ বলে ৮৫ রানের আক্রমণাত্মক ইনিংসটা সাজানো ১০টি চার ও তিনটি ছক্কায়।
জবাবে মাহেলা জয়াবর্ধনের সঙ্গে তিলকরত্নে দিলশানের ৩৫ বলে ৬৭ রানের উদ্বোধনী জুটি শ্রীলঙ্কার জয়ের ভিত গড়ে দেয়। জয়াবর্ধনে ১৬ বলে ৩৩ রান করে আউট হওয়ার পর কুশল পেরেরা (১), অধিনায়ক দীনেশ চান্দিমাল (১৪) ও অ্যাঞ্জেলো ম্যাথিউস (১৪) বেশিক্ষণ টিকতে পারেননি।
তবে থিসারা পেরেরার (১১ বলে অপরাজিত ২৫) সঙ্গে ২২ বলে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে শ্রীলঙ্কাকে সহজ জয় এনে দেন দিলশান। ৭৪ রানে অপরাজিত থাকা দিলশানের ৫১ বলের ঝড়ো ইনিংসে ৯টি চার ও দুটি বিশাল ছক্কা। ম্যাচ সেরাও তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৩/৩ (ডেভিডস ০, ডি কক ১৬, দু প্লেসি ৮৫, ডুমিনি ৫১*, ডি ভিলিয়ার্স ১*; লাকমল ১/২৯, অজন্তা ১/৩১, কুলাসেকারা ১/৩৭)
শ্রীলঙ্কা: ১৮.১ ওভারে ১৬৪/৪ (দিলশান ৭৪*, জয়াবর্ধনে ৩৩, কুশল পেরেরা ১, চান্দিমাল ১৪, ম্যাথিউস ১৪, পেরেরা ২৫*; ওয়াইস ২/২৪, তাহির ১/২০, পার্নেল ১/৩৭)
ম্যাচ সেরা: তিলকরত্নে দিলশান
সিরিজ সেরা: জেপি ডুমিনি।
